অভিনয়ের কথা স্বপ্নেও ভাবেননি! ছোটবেলার কোন গোপন স্মৃতির কথা ফাঁস করে আবেগপ্রবণ হলেন তৃপ্তি দিমরি?

রূপোলি পর্দার গ্ল্যামার এবং স্টারডম থেকে দূরে, ছোটবেলার দীপাবলির স্মৃতি রোমন্থন করে একেবারে নস্টালজিক হয়ে পড়লেন অভিনেত্রী তৃপ্তি দিমরি (Tripti Dimri)। সম্প্রতি দিল্লির একটি ফ্যাশন ইভেন্টে যোগ দিয়ে নিজের ছোটবেলা, অভিনয় জীবনের শুরুর দিনগুলি এবং ব্যক্তিগত জীবনের নানা অজানা গল্প অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন ‘অ্যানিম্যাল’ খ্যাত এই জনপ্রিয় অভিনেত্রী।

ছোটবেলার উৎসবের দিনগুলির কথা বলতে গিয়ে তৃপ্তি জানান, তখন তিনি ঘুণাক্ষরেও ভাবেননি যে ভবিষ্যতে অভিনয়ে পা রাখবেন। ছোটবেলায় তাঁদের হাউজিং সোসাইটিতে রামলীলার আয়োজন করা হতো, যেখানে তিনি নিজে অভিনয় করতেন। একবার মঞ্চে ডায়লগ ভুলে গেলে তাঁর বাবা কীভাবে পর্দার আড়াল থেকে তাঁকে ফুসফুস করে ডায়লগ মনে করিয়ে দিতেন, সেই স্মৃতির কথা স্মরণ করে আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেত্রী।

উৎসবের খাওয়া-দাওয়া নিয়ে কথা বলতে গিয়ে তৃপ্তি ফাঁস করেন তাঁর এক সুপ্ত প্রতিভার কথা। তিনি জানান, ভারতীয় মিষ্টি তাঁর দারুণ পছন্দ, বিশেষ করে জিলিপি ও বেসনের লাড্ডু। দীপাবলিতে মা বাড়িতে মিষ্টি বানাতেন। কিন্তু এখন উৎসবের দিনে পরিবারের থেকে দূরে থাকলে তিনি নিজেই নিজের হাতে বেসনের লাড্ডু বানিয়ে নেন।

ফ্যাশন আইকন হিসেবে তাঁর জনপ্রিয়তা এবং পোশাকের চাপ নিয়ে বলতে গিয়ে তৃপ্তি খুব স্পষ্ট ভাষায় জানান, ফ্যাশনের প্রত্যাশা পূরণের চেয়ে তাঁর কাছে আত্মবিশ্বাস অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঢিলেঢালা শার্ট আর প্যান্ট পরেই তিনি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। পাশাপাশি, নিজের অনলাইন শপিংয়ের মজার অভ্যাস নিয়েও মুখ খোলেন তিনি। হাসতে হাসতে তৃপ্তি জানান, একটা জিনিস কিনতে অ্যাপে ঢুকলেও শেষ পর্যন্ত কার্টে ১০-২০টা জিনিস জমেই যায়! কাজের দিক থেকে আগামী দিনে প্রভাস অভিনীত বহু প্রতীক্ষিত প্যান-ইন্ডিয়া ছবি ‘স্পিরিট’-এ দেখা যাবে এই অভিনেত্রীকে।