এফডি-র সুদে কি ফের জোয়ার আসছে? মুদ্রাস্ফীতির চাপে আরবিআই নিতে চলেছে বড় পদক্ষেপ!

লাগাতার মুদ্রাস্ফীতি, অপরিশোধিত তেল বা ক্রুড অয়েলের চড়া দাম এবং মার্কিন ডলারের বিপরীতে টাকার রেকর্ড দরপতনের জেরে দেশের অর্থনৈতিক মহলে ফের রেপো রেট বৃদ্ধির জল্পনা তুঙ্গে। আর্থিক বিশেষজ্ঞদের একাংশের ধারণা, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি মোকাবিলা করতে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) আসন্ন মনিটারি পলিসি কমিটির (MPC) বৈঠকে রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে দিতে পারে। বুধবার (৭ অক্টোবর, ২০২৬) এই নীতি পর্যালোচনার ফলাফল সামনে আসার কথা রয়েছে।

এফডি বিনিয়োগকারীদের জন্য কি বড় কোনো সুখবর আসছে? বিশেষজ্ঞদের মতে, আরবিআই যদি শেষ পর্যন্ত রেপো রেট বাড়ানোর পথে হাঁটে, তবে তার সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের ফিক্সড ডিপোজিট বা এফডি (Fixed Deposit)-র সুদের হারের ওপর। অর্থাৎ, এফডি-তে জমানো টাকার ওপর সুদের হার আরও কিছুটা বাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে, যা দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের জন্য অত্যন্ত লাভজনক হতে পারে। তবে এর পাশাপাশি ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির জেরে সাধারণ ক্ষুদ্র সঞ্চয় ও ঋণের বোঝা নিয়েও নতুন করে চিন্তা বাড়াতে পারে।

কী বলছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা? ব্যাংকবাজারের সিইও আধিল শেঠি জানিয়েছেন, গত আগস্ট মাসে খুচরা মুদ্রাস্ফীতি ছিল ৪.৮২%, যা রিজার্ভ ব্যাঙ্কের নির্ধারিত ৪% লক্ষ্যের চেয়ে অনেকটাই বেশি। এই বাস্তব পরিস্থিতি বিচার করলে অক্টোবরের নীতি পর্যালোচনায় রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট বাড়ানোর সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। একইভাবে ইয়েস ব্যাংক এবং বেসিক হোম লোন্সের সিইও অতুল মঙ্গা মনে করছেন, বৈশ্বিক অস্থিরতা এবং মূল্যবৃদ্ধির চাপ সামলাতে রিজার্ভ ব্যাঙ্ক সুদের হার বৃদ্ধির মতো কড়া পদক্ষেপের কথা গুরুত্ব সহকারে বিবেচনা করছে। ফলে আগামী দিনে মধ্যবিত্ত ও আমানতকারীদের পকেটে এর কী প্রভাব পড়ে, সেটাই এখন দেখার!

Pratik Saha
  • Pratik Saha