মেদিনীপুরে কার্ল মার্ক্সের মূর্তিতে ভাঙচুর! আঙুল ভাঙা ও কালো কাপড়ে নাম ঢাকার ঘটনায় তীব্র রাজনৈতিক বিতর্ক

মেদিনীপুর শহরের বুকে মার্ক্সবাদী দর্শনের অন্যতম প্রধান প্রবক্তা কার্ল মার্ক্সের মূর্তিকে ঘিরে চরম রাজনৈতিক উত্তেজনা ছড়াল। মেদিনীপুর শহরের স্টেশন রোডে অবস্থিত কার্ল মার্ক্সের একটি পূর্ণাবয়ব মূর্তির আঙুল ভেঙে দেওয়া এবং তাঁর নাম কালো কাপড় দিয়ে ঢেকে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোরদার রাজনৈতিক তরজা। ঘটনার পাশে ‘হিন্দু সুরক্ষা সমিতির’ নামে একটি ব্যানার ঝুলতে দেখা গেলেও কে বা কারা এই ন্যক্কারজনক কাজ করেছে, তার এখনও কোনো নির্দিষ্ট প্রমাণ বা তথ্য মেলেনি।

এই ঘটনার জেরে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে সিপিএম। দলের জেলা সম্পাদক বিজয় পাল অভিযোগ করেছেন যে, বর্তমান শাসকদলের মদদপুষ্ট কোনো সংগঠনের লোকজনই এই ঘৃণ্য কাজের সঙ্গে যুক্ত। তাঁর মতে, কার্ল মার্কস বিজ্ঞানসম্মত সমাজতন্ত্র ও যুক্তির কথা বলেই গিয়েছেন, আর সেই আদর্শকে ভয় পায় বলেই আজ তাঁর মূর্তি ভাঙচুর করা হচ্ছে। তবে তিনি স্পষ্ট ভাষায় দাবি করেছেন যে, এ ধরনের কাপুরুষোচিত কাজ করে বামেদের পথ আটকানো যাবে না।

অন্যদিকে, এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে পাল্টা আক্রমণ শ্রিগেছে বিজেপি। জেলা বিজেপি মুখপাত্র অরূপ দাস দাবি করেছেন যে, বামেদের দীর্ঘ ৩৪ বছরের অপশাসনের ইতিহাস এ রাজ্যের মানুষ ভালোভাবেই মনে রেখেছে। এ দেশের মাটির সঙ্গে যাঁদের আদর্শের কোনো যোগ নেই, সেই বিদেশি চিন্তাবিদদের মূর্তি এ বাংলার সাধারণ মানুষ আর মেনে নিতে পারছে না। পাশাপাশি, নতুন সরকার আসার পর থেকেই বামেদের লাগাতার সমালোচনার জেরে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি। সবমিলিয়ে, এই মূর্তি ভাঙার ঘটনাকে কেন্দ্র করে মেদিনীপুরের রাজনৈতিক আবহাওয়া এখন বেশ উত্তপ্ত।