জীবিত মানুষকে মৃত বানিয়ে দাহ! উত্তরপ্রদেশের এই লোমহর্ষক কাণ্ডে আকাশ থেকে পড়লেন পড়শিরাও

উত্তরপ্রদেশের বারেলি জেলা থেকে এক অবিশ্বাস্য ও চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে, যা শুনে যে কারও পিলে চমকে যাবে। নিউ মায়ানগর রেলওয়ে কলোনির বাসিন্দা মনশলাল নামের এক বৃদ্ধ গত শুক্রবার পিলিভিটে তাঁর এক বন্ধুর সঙ্গে দেখা করতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। ঠিক একই সময়ে শহীদ গেট রেলওয়ে ক্রসিংয়ের কাছে এক মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় এক প্রৌঢ়ের মৃত্যু হয়। খবর পেয়ে মনশলালের ছেলে ও পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে যান এবং মৃত ব্যক্তির চেহারা ও পোশাক দেখে তাঁকে মনশলাল বলেই শনাক্ত করেন।

এরপর সমস্ত আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষ করে শুক্রবার সন্ধ্যায় অত্যন্ত শোকের পরিবেশে মৃতদেহের সৎকার সম্পন্ন করা হয়। কান্নায় ভেঙে পড়ে পুরো পরিবার, পাড়া-প্রতিবেশীরাও সমবেদনা জানাতে আসেন। কিন্তু এর ঠিক পরের দিন, অর্থাৎ শনিবার সকালে যা ঘটে, তা দেখে সকলের চক্ষু চড়কগাছ হয়ে যায়। যাঁকে মৃত ভেবে সদ্য সৎকার করা হলো, সেই মনশলাল দিব্যি সুস্থ শরীরে নিজের বাড়ির দরজায় এসে উপস্থিত হন! চোখের সামনে জীবিত মনশলালকে দেখে পরিবারের সদস্যদের প্রথমে বিশ্বাসই হয়নি। মুহূর্তের মধ্যে কান্নার রোল বদলে যায় চরম আনন্দে।

তদন্তে নামে পুলিশ এবং প্রকাশ পায় এক মারাত্মক ভুল পরিচয়ের চাঞ্চল্যকর তথ্য। পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালেই ডিফেন্স কলোনির বাসিন্দা চন্দ্রিকা সিং (৭২) নামের এক রেলের অবসরপ্রাপ্ত লোকো পাইলট প্রাতঃভ্রমণে বেরিয়ে আর বাড়ি ফেরেননি। তাঁর পরিবারও তখন তাঁকে হন্যে হয়ে খুঁজছিল। পরে চন্দ্রিকা সিংয়ের ছেলে আলোক যাদব পুলিশ চৌকিতে গিয়ে তাঁর নিখোঁজ বাবার ছবি ও পোশাকের বিবরণ দেন। পুলিশ ও উভয় পরিবারের যৌথ তৎপরতায় স্পষ্ট হয়ে যায় যে, ট্রেন দুর্ঘটনায় আসলে মারা গিয়েছিলেন চন্দ্রিকা সিং, কিন্তু ভুলবশত তাঁর মৃতদেহকে মনশলালের দেহ বলে ধরে নিয়ে সৎকার করে ফেলেছিল পরিবার। দুজনের বয়স ও অবয়ব একই রকম হওয়ায় এই মারাত্মক বিভ্রান্তি ঘটেছিল।