টিকিট কেটেও কলকাতায় মেসিকে দেখতে পাননি? ফ্রি-তে বড় সুযোগ দিচ্ছে শুভেন্দু সরকার!

আগের সরকারের কোনো ভুলই যাতে পুনরায় না ঘটে, তার জন্য শুরু থেকেই কড়া ও সতর্ক অবস্থান নিয়েছে নতুন সরকার। সেই নীতি মেনে শনিবার কলকাতার সল্টলেক স্টেডিয়ামে একেবারে নির্বিঘ্ন এবং সুশৃঙ্খলভাবে সম্পন্ন হলো ঐতিহাসিক ভারত-ব্রাজিল ম্যাচ। মাঠের ভেতরে কোনো বিশৃঙ্খলা বা অতিরিক্ত ভিড় ছিল না, ছিল না সাধারণ মানুষের ভোগান্তির কারণ হয়ে দাঁড়ানো কোনো ‘ভিআইপি কালচার’-এর বাড়াবাড়িও।

ঠিক এক বছর আগে লিওনেল মেসিকে দেখতে গিয়ে যারা চরম হেনস্থা ও হতাশার শিকার হয়েছিলেন, সল্টলেক স্টেডিয়ামের এই সুশৃঙ্খল আয়োজন তাদের মনে রাজ্য প্রশাসনের ওপর নতুন করে ভরসা ফিরিয়ে এনেছে। আর এই সফল আয়োজনের পরেই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এক বড় ঘোষণা করে ফুটবলপ্রেমীদের মন জয় করে নিয়েছেন।

বঞ্চিত দর্শকদের জন্য ফ্রি টিকিটের উপহার

শনিবার ভারত বনাম ব্রাজিল ম্যাচের রোমাঞ্চ উপভোগ করতে সল্টলেক স্টেডিয়ামে উপস্থিত ছিলেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ম্যাচ শেষে তিনি গত বছর আয়োজিত সেই বিতর্কিত ‘মেসি ইভেন্ট’ নিয়ে মুখ খোলেন। মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, গত বছর যারা অনলাইনে টিকিট কেটেও নানা বিশৃঙ্খলার কারণে মেসিকে দেখতে পাননি এবং বঞ্চিত হয়েছিলেন, তাদের প্রত্যেককে আসন্ন ভারত বনাম উরুগুয়ে ম্যাচের টিকিট সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে।

জানা গেছে, আগামী ৬ অক্টোবর সল্টলেক স্টেডিয়ামেই উরুগুয়ের মুখোমুখি হবে ভারতীয় ফুটবল দল। ব্রাজিলের পর শহরের এই হাই-ভোল্টেজ ম্যাচের টিকিটই বিনামূল্যে পাবেন সেই সমস্ত বঞ্চিত দর্শক। যারা উপযুক্ত প্রমাণ দিয়ে দেখাতে পারবেন যে তারা অনলাইনে মেসির ম্যাচের টিকিট কেটেছিলেন, কেবল তারাই এই সুবিধার আওতায় আসবেন। খুব শীঘ্রই মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব অনুমোদন করিয়ে নেওয়া হবে বলে জানা গিয়েছে।

ফিরে দেখা: গত বছরের সেই দুঃস্বপ্ন

প্রসঙ্গত, ২০২৫ সালের ডিসেম্বরে কলকাতায় পা রেখেছিলেন বিশ্ব ফুটবলের বরপুত্র লিওনেল মেসি। ছোটদের সঙ্গে হালকা প্র্যাকটিস এবং মাঠে ফুটবল নিয়ে কিছু কসরত দেখানোর কথা থাকলেও ভিড় সামলাতে না পারায় এবং চরম বিশৃঙ্খলার সৃষ্টি হওয়ায় মাত্র ৪-৫ মিনিটের মধ্যেই মাঠ ছাড়তে বাধ্য হন মেসি।

হাজার হাজার টাকা খরচ করে টিকিট কেটেও প্রিয় তারকাকে সামনাসামনি দেখতে না পেরে ক্ষোভে ফেটে পড়েছিলেন দর্শকরা। ওই ঘটনার জন্য তৎকালীন সরকারের মন্ত্রী ও শাসকঘনিষ্ঠ সেলিব্রিটিদের মাত্রাতিরিক্ত ‘ভিআইপি কালচার’ এবং অব্যবস্থাপনাকেই দায়ী করেছিলেন ক্ষুব্ধ ক্রীড়াপ্রেমীরা। গত প্রায় ১০ মাস ধরে দর্শকদের টিকিটের টাকা ফেরত বা ক্ষতিপূরণের দাবি উঠলেও সেই কাজে তেমন গতি আসেনি। অবশেষে বর্তমান সরকারের নতুন এই পদক্ষেপে বড় স্বস্তি পেলেন কলকাতার ফুটবলপ্রেমীরা।