এশিয়ান গেমসের গলফে বাজিমাত ভারতের! প্রণবীর সোনা ও দলের রুপো জয়ে গর্বিত কিংবদন্তি ক্রিকেটার কপিল দেব

এশিয়ান গেমসে ঐতিহাসিক সোনা জয়ের জন্য তরুণী গলফার প্রণবী উরসকে প্রশংসায় ভরিয়ে দিলেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক তথা প্রফেশনাল গলফ ট্যুর অফ ইন্ডিয়ার (পিজিটিআই) সভাপতি কপিল দেব। একই সঙ্গে রুপো জেতার জন্য ভারতীয় মহিলা গলফ দলকেও উষ্ণ অভিনন্দন জানিয়েছেন তিনি। কপিল স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে, খেলোয়াড়দের অসাধারণ প্রতিভা, জেদ এবং নিরলস কঠোর পরিশ্রমের ফলেই এই ঐতিহাসিক সাফল্য অর্জন সম্ভব হয়েছে।
শনিবার ২০২৬ সালের এশিয়ান গেমসে ইতিহাস সৃষ্টি করেছেন ২৩ বছরের প্রতিভাবান গলফার প্রণবী উরস। মহীশূরের এই তারকা হাড্ডাহাড্ডি লড়াইয়ের ফাইনালে দারুণ স্নায়ুর চাপ ধরে রেখে ১৫-আন্ডার ২৬৫ স্কোর করে চিনের ইয়িন রুওনিং এবং সিঙ্গাপুরের শ্যানন ট্যানকে এক স্ট্রোকে পেছনে ফেলে সোনা ছিনিয়ে নেন। এশিয়ান গেমসের ইতিহাসে মেয়েদের ব্যক্তিগত গলফে এটিই ভারতের প্রথম সোনা জয়। এর আগে ২০০২ সালে ছেলেদের ব্যক্তিগত ইভেন্টে শিব কাপুর সোনা জিতলেও মেয়েদের বিভাগে এই প্রথম দেশ সোনা পেল।
ব্যক্তিগত ইভেন্টের পাশাপাশি অদিতি অশোক এবং দীক্ষা ডাগরের সঙ্গে মিলে দলগত ইভেন্টেও ভারতকে রুপো এনে দিয়েছেন প্রণবী। তিন গলফারের মধ্যে সেরা দুজনের স্কোর ধরে দলগত ইভেন্টে ভারতের মোট স্কোর দাঁড়ায় ১৪-আন্ডার ৫४৬। অন্যদিকে, চিন ২২-আন্ডার ৫৩৮ স্কোর করে সোনা জিতেছে। প্রণবীর ইস্পাতকঠিন স্নায়ু এবং আত্মবিশ্বাসের প্রশংসা করে কপিল দেব এক বিবৃতিতে জানান, এই সাফল্য প্রমাণ করে যে ভারতে মেয়েদের গলফ কতটা শক্তিশালী হচ্ছে। পিজিটিআই এবং গোটা ভারতীয় গলফ মহলের পক্ষ থেকে তিনি বিজয়ী ক্রীড়াবিদদের কুর্নিশ জানিয়েছেন।