আর মাত্র কদিনের অপেক্ষা! মহাষ্টমীতে কবে কখন পড়বে দুর্গাপুজোর মাহেন্দ্রক্ষণ ‘সন্ধিপুজো’? জানুন দিনক্ষণ

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর আর বেশি দেরি নেই। মহাষষ্ঠীর বোধন, সপ্তমীর নবপত্রিকা, অষ্টমীর অঞ্জলি থেকে নবমীর ধুনুচি নাচ—প্রতিটি দিনই বাঙালির কাছে অত্যন্ত আবেগ ও উল্লাসের। তবে দুর্গাপুজোর অন্যতম গুরুত্বপূর্ণ ও পবিত্র পর্ব হল সন্ধিপুজো। মহাষ্টমী ও মহানবমীর ঠিক সন্ধিক্ষণে নির্দিষ্ট লগ্ন মেনেই এই পুজো অনুষ্ঠিত হয়। শাস্ত্রীয় বিধান ও রীতি মেনে ১০৮টি পদ্ম এবং ১০৮টি প্রদীপ নিবেদনের মাধ্যমে এই পুজো সম্পন্ন করার নিয়ম রয়েছে। ২০২৬ সালের দুর্গোৎসবে গুপ্তপ্রেস এবং বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী সন্ধিপুজোর সময়ের মধ্যে কিছু পার্থক্য দেখা গেছে।
গুপ্তপ্রেস পঞ্জিকা অনুযায়ী, আগামী ১৮ অক্টোবর, রবিবার মহাষ্টমী তিথি পড়েছে। এদিন ভোর ৫টা ৫২ মিনিট ১০ সেকেন্ডে অষ্টমী শুরু হয়ে শেষ হবে ১৯ অক্টোবর, সোমবার সকাল ৭টা ৪৯ মিনিট ১৫ সেকেন্ডে। এই পঞ্জিকা অনুসারে ১৮ অক্টোবর সকাল ৭টা ২৫ মিনিট ১৫ সেকেন্ড থেকে সন্ধিপুজো শুরু হবে এবং তা শেষ করতে হবে সকাল ৮টা ১৩ মিনিট ১৫ সেকেন্ডের মধ্যে। একই দিনে বীরাষ্টমী এবং মহাষ্টমীর ব্রতোপবাস পালিত হবে বলে জানানো হয়েছে।
অন্যদিকে, বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী ১৮ অক্টোবর সকাল ৮টা ৩০ মিনিটে অষ্টমী তিথি শুরু এবং ১৯ অক্টোবর সকাল ১০টা ৫২ মিনিটে তার সমাপ্তি ঘটবে। এই গণিত অনুযায়ী ওই দিন সকাল ১০টা ২৮ মিনিট থেকে শুরু হবে সন্ধিপুজো এবং তা শেষ করার নির্দিষ্ট সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১১টা ১৬ মিনিটের মধ্যে। এই বিশেষ লগ্নেই কালিকা দেবী ও মহিষমর্দিনী দেবীর আবির্ভাব দিবস, মহারাত্রি উদযাপন এবং কুমারী পুজোর মতো আচার-অনুষ্ঠান সম্পন্ন হবে।
সন্ধিপুজোর সঙ্গে ১০৮ সংখ্যাটির বিশেষ ধর্মীয় তাৎপর্য জড়িয়ে রয়েছে। প্রথা অনুযায়ী ১০৮টি পদ্ম ও প্রদীপ দিয়েই এই পুজো হয়। পঞ্জিকার নির্দেশ মেনে নির্দিষ্ট সময়ে পুজো করার বিধান থাকলেও বিভিন্ন বনেদি বাড়ি বা বারোয়ারি পুজো কমিটি তাদের নিজস্ব নিয়মরীতি অনুযায়ী কিছুটা সময় এদিক-ওদিক করতে পারে। তাই নিজ নিজ মণ্ডপের পুরোহিতের নির্দেশ ও নির্দিষ্ট পঞ্জিকা মেনে চলাই শ্রেয়। এই বিশেষ পর্ব পার করেই শুরু হয় মহানবমীর জৌলুস এবং পরবর্তীতে বিজয়া দশমীর মধ্য দিয়ে সমাপ্তি ঘটে শারদোৎসবের।