অতীত ও বর্তমানের মেলবন্ধনে জমজমাট রহস্য! প্রকাশ্যে এল অরিন্দম শীলের বহু প্রতীক্ষিত ছবি ‘কলকাতায় শার্লক’-এর লুক

শার্লক হোমসের বিখ্যাত চরিত্র এবং তার অনন্য পর্যবেক্ষণ ক্ষমতা বরাবরই গোয়েন্দা গল্পপ্রেমীদের মনে বিশেষ জায়গা করে নিয়েছে। আর এবার সেই ক্লাসিক ভাবনার মাধ্যমেই কলকাতার প্রেক্ষাপটে এক সম্পূর্ণ নতুন রহস্যের জাল বুনতে চলেছেন পরিচালক অরিন্দম শীল। সম্প্রতি সামনে এল তাঁর নতুন ছবি ‘কলকাতায় শার্লক’-এর চরিত্রগুলির প্রথম লুক। পরিচালকের মতে, এই ছবির মূল চরিত্র ‘জ্যোতিষ্ক’ সরাসরি শার্লক হোমস নয়; বরং সে আজকের কলকাতার এক সমকালীন বাঙালি যুবক, যার মধ্যে রয়েছে শার্লকের মতো অসম্ভব তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতা ও অদ্ভুত আকর্ষণ।

ছবির পটভূমি এবং চরিত্র সম্পর্কে বলতে গিয়ে পরিচালক অরিন্দম শীল জানিয়েছেন, শার্লক হোমসের ভাবনা এবং তার চারপাশের মানুষ ও ঘটনাকে দেখার বিশেষ চোখ তাঁকে সবসময়ই আকৃষ্ট করেছে। আপাতদৃষ্টিতে সম্পর্কহীন বিভিন্ন ঘটনার মধ্যে যোগসূত্র খুঁজে বের করে সবার চোখের সামনে থাকা সত্যকে উন্মোচন করার ক্ষমতাকেই তিনি আজকের কলকাতার সাংস্কৃতিক ও সমকালীন পরিসরে ফুটিয়ে তুলতে চেয়েছেন। এই ছবিতে জ্যোতিষ্কের বন্ধু ‘স্মরণজিত্‍’-এর সঙ্গে তার সমীকরণটি বিখ্যাত শার্লক-ওয়াটসন জুটির কথা মনে করিয়ে দেবে, যা ধীরে ধীরে একটি গোয়েন্দা গল্প থেকে অনেক বড় একটি রহস্যময় জগতের দরজা খুলে দেয়। চিত্রনাট্য এমনভাবে সাজানো হয়েছে যেখানে অতীত ও বর্তমান একে অপরকে আলোকিত করবে।

‘ক্যামেলিয়া প্রোডাকসন্স প্রাইভেট লিমিটেড’-এর প্রযোজনায় তৈরি এই ছবিটিতে তারকার মেলা বসেছে। ছবিতে অভিনয় করছেন বিক্রম চট্টোপাধ্যায়, বনি সেনগুপ্ত, অনুজয় চট্টোপাধ্যায়, অরুণিমা ঘোষ, তন্বী লাহা রায়, ঊষসী রায়, অর্জুন চক্রবর্তী, শুভ্রজিত্‍ দত্ত, বিশ্বজিত্‍ চক্রবর্তী, অম্বরীশ ভট্টাচার্য, পরিচালক অরিন্দম শীল নিজে, ফিরদৌসী বসু, পৌলমী দাস, সোহাগ সেন এবং অর্ণ মুখোপাধ্যায়ের মতো জনপ্রিয় শিল্পীরা। আধুনিক কলকাতা এবং শার্লক হোমসের মিথের সংমিশ্রণে তৈরি এই মনস্তাত্ত্বিক ও রহস্যময় থ্রিলারটি যে দর্শকদের মনে দারুণ কৌতূহল তৈরি করবে, তা বলাই বাহুল্য। মুক্তির অপেক্ষায় থাকা এই ছবিটির নতুন লুক প্রকাশ্যে আসতেই টলিপাড়ায় শুরু হয়ে গেছে জোর চর্চা।