বাঙালির রক্তে রাজনীতি! বিগ বসের ঘরে দুই দলের জোরদার লড়াইয়ে হাতাহাতি, যা দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের!

বাঙালি আর রাজনীতি একে অপরের সমার্থক—এই চিরন্তন সত্যকে সামনে রেখেই এবার বিগ বস বাংলার (Bigg Boss Bangla) অন্দরে প্রবেশ করল ফুল ফ্লেজেড রাজনৈতিক আবহ। মঙ্গলবার বিগ বসের ঘরের বিলাসবহুল লাক্সারি বাজেট টাস্কের নাম রাখা হয়েছিল ‘রাজনীতি’। এই বিশেষ টাস্কে পুরো গৃহকে তিনটি ভাগে ভাগ করা হয়—দুটি রাজনৈতিক দল এবং সাধারণ জনতা। নির্বাচন কমিশনের নিরপেক্ষ দায়িত্ব দেওয়া হয় অভিনেতা ভরত কলকে। অন্যদিকে, দুই প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের নেতার ভূমিকায় অবতীর্ণ হন জনপ্রিয় মুখ জিতু কমল এবং গায়ক-অভিনেত্রী দুর্নিবার সাহা। জিতুর শিবিরে জায়গা পান মনামী ঘোষ, নন্দিনী দত্ত এবং রাজবীর দে। অন্যদিকে, দুর্নিবারের দলে ছিলেন ঝিলাম, তনুশ্রী এবং রিয়ালিটি শোয়ের ঘরে সদ্য প্রবেশ করা অনুষ্কা। নিরপেক্ষ সাধারণ জনগণের ভূমিকায় নজর কাড়েন সৃজলা গুহ, নিরঞ্জন মণ্ডল, সোনামণি সাহা এবং দীপেন্দু বিশ্বাস।

তবে এই রাজনৈতিক টাস্ক শুরু হতেই বিগ বসের অন্দরে শুরু হয়ে যায় চরম উত্তেজনা ও বিশৃঙ্খলা। নিয়ম অনুযায়ী, দুই রাজনৈতিক দলকে তাঁদের নির্বাচনী ইস্তেহার জনগণের সামনে পেশ করতে হতো। কিন্তু সাধারণ জনতার ভূমিকায় থাকা নিরঞ্জন, সৃজলা ও সোনামণিরা জিতুর দলের সামনে বেশ কিছু অদ্ভুত ও কঠিন শর্ত চাপিয়ে দেন। তাঁরা নির্দেশ দেন, জিতুর দলের যে সদস্য প্রচার করবেন, তাঁকে লঙ্কা চিবোতে চিবোতে কথা বলতে হবে এবং বাকিদের মুখে জল রেখে এক পায়ে দাঁড়িয়ে থাকতে হবে। এই শর্ত মানতে পরিষ্কার অস্বীকৃতি জানান জিতু শিবিরের রাজবীর দে, যার জেরে তীব্র বাকবিতণ্ডার সূত্রপাত হয়।

পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন জনগণের সঙ্গে জিতুর দলের এই ঠান্ডা লড়াইয়ের মাঝে দুর্নিবারের দলের সদস্যরা ঘরের বিভিন্ন কোণে তাঁদের দলীয় পতাকা পুঁততে শুরু করেন। ক্ষোভে ফেটে পড়ে রাজবীর দুর্নিবারের দলের সমস্ত পতাকা উপড়ে ফেলেন। সেই সময় প্রতিবাদ করতে আসেন অনুষ্কা, এবং রাজবীরের হাত থেকে পতাকা কাড়তে গিয়ে টানাটানিতে অনুষ্কার নখ ভেঙে রক্তপাত হয়। শুধু তাই নয়, এর পরেই বিগ বসের ঘরের একাধিক জিনিসপত্র ভাঙচুর করার অভিযোগ ওঠে রাজবীরের বিরুদ্ধে। দুই দিনের এই হাড্ডাহাড্ডি ও মারপিটে ভরা টাস্কের শেষে সাধারণ জনতার ভোটের ভিত্তিতেই নির্ধারিত হওয়ার কথা কোন দল লাক্সারি বাজেট পাবে। তবে যেভাবে এই রাজনৈতিক টাস্ক হাতাহাতি ও সংঘাতে রূপ নিয়েছে, তাতে পূর্ববর্তী টাস্কগুলির মতো এটিও শেষ পর্যন্ত ভেস্তে যায় কি না, এখন সেটাই দেখার অপেক্ষায় দর্শকরা।