ছাত্র আন্দোলনে চরম নৈরাজ্য! গুজবের জেরে পঞ্জাবের নামী বিশ্ববিদ্যালয়ে মলে ঢুকে অবাধ লুটপাট পড়ুয়াদের

পঞ্জাবের অন্যতম খ্যাতনামা বেসরকারি বিশ্ববিদ্যালয় লভলি প্রফেশনাল ইউনিভার্সিটি (LPU)-তে এক মহিলা পড়ুয়াকে যৌন নিগ্রহ ও তাঁর আত্মহত্যার মতো একটি যাচাই না-করা খবর ছড়িয়ে পড়ার জেরে তৈরি হওয়া চরম উত্তেজনা শেষ পর্যন্ত হিংসাত্মক রূপ নিয়েছে। রবিবার ক্যাম্পাসে চলা তুমুল বিক্ষোভের সুযোগ নিয়ে একদল পড়ুয়া বিশ্ববিদ্যালয়ের ভিতরে থাকা মলে ঢুকে অবাধে ভাঙচুর ও লুটপাট চালায় বলে গুরুতর অভিযোগ উঠেছে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, উত্তাল পরিস্থিতির সুযোগ নিয়ে আন্দোলনকারীদের একাংশ বিশ্ববিদ্যালয়ের ইউনি মলে ঢুকে খাবার, জুতো, ইলেকট্রনিক গ্যাজেট থেকে শুরু করে বিভিন্ন দামি সামগ্রী লুঠ করছেন। ভাইরাল হওয়া একটি ভিডিওয় এক পড়ুয়াকে উল্লাসের সুরে বলতে শোনা যায়, “ফ্রি মেঁ শপিং ডান (বিনা পয়সায় শপিং হয়ে গেল)।” অন্য একটি ভিডিওতে ল্যাপটপ এবং গেম কনসোল অর্থাৎ পিএস ফাইভ (PS 5) পর্যন্ত হাতানোর দৃশ্য সামনে এসেছে। যদিও এই ভিডিওগুলির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই ভুয়ো ও যাচাই না-করা দাবিকে কেন্দ্র করে রবিবার বিকেলে ক্যাম্পাসে তীব্র অসন্তোষ ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা শুধু ভবনগুলিতে ভাঙচুর চালাননি, পুলিশের গাড়িতে হামলা করেন এবং নিকটবর্তী জাতীয় মহাসড়ক (NH-44) অবরোধ করে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ হস্তক্ষেপ করলে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে, যাতে বেশ কয়েকজন পুলিশকর্মীও আহত হন। ক্যাম্পাসের এই নজিরবিহীন বিশৃঙ্খলার জেরে গোটা এলাকায় চরম আতঙ্ক ও থমথমে পরিবেশ বিরাজ করছে।