রাজ্যে ৩৭০ ফেরানোর চক্রান্ত! ওমর আবদুল্লার প্রস্তাবকে কড়া ভাষায় আক্রমণ সুনীল শর্মার

জম্মু ও কাশ্মীর বিধানসভায় রাজ্যের মর্যাদা পুনরুদ্ধারের দাবিতে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর পেশ করা প্রস্তাবকে তীব্র আক্রমণ করলেন বিরোধী দলনেতা সুনীল শর্মা। তিনি এটিকে সংবিধানের সরাসরি “উল্লঙ্ঘন” ও দেশের মূল চেতনার পরিপন্থী বলে অভিহিত করেছেন। সোমবার বিধানসভার অধিবেশ শুরুর আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুনীল শর্মা বলেন, সরকার রাজ্যের মর্যাদা ফেরানোর আড়ালে ছলেবলে সেই পুরনো ১৯৫৩ সালের আগের পরিস্থিতি এবং ৩৭০ ধারার বিতর্ক ফিরিয়ে আনতে চাইছে।

তিনি অভিযোগ করেন, স্থানীয় মানুষ যখন জল, বিদ্যুৎ ও রাস্তাঘাটের মতো মৌলিক অধিকারের দাবি জানাচ্ছেন, তখন সরকার সেই ব্যর্থতা থেকে নজর ঘোরাতেই এই ধরনের বিচ্ছিন্নতাবাদী এজেন্ডা সামনে আনছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে তাঁর বৈঠকের কথা উল্লেখ করে শর্মা জানান, এই ধরনের পদক্ষেপ কোনোভাবেই বরদাস্ত করা হবে না। অন্যদিকে, নির্বাচন কমিশনকে নিয়ে কংগ্রেসের সাম্প্রতিক বিক্ষোভ প্রসঙ্গে আক্রমণ শানিয়ে তিনি বলেন, কংগ্রেসের মতো দলের ইসি-র বিরুদ্ধে কথা বলার কোনো নৈতিক অধিকারই নেই।