কৃষক বন্ধু প্রকল্পে বড় ঘোষণা! আবেদনের সময় বাড়তেই কার অ্যাকাউন্টে ঢুকবে কত টাকা?

রাজ্যের কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল নবান্ন। ‘কৃষক বন্ধু নতুন’ প্রকল্পে নাম নথিভুক্ত করা এবং তথ্য যাচাইয়ের প্রক্রিয়া মসৃণ করতে আরও ১০ দিন সময়সীমা বাড়াল রাজ্য সরকার। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করে এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল। প্রশাসনের মূল লক্ষ্য, সমস্ত জালিয়াতি ও ভুয়ো উপভোক্তাদের তালিকা থেকে বাদ দিয়ে একেবারে স্বচ্ছভাবে প্রকৃত কৃষকদের হাতে সরকারি অনুদান পৌঁছে দেওয়া।
কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে, আগে একই পরিবারের একাধিক সদস্য কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেতেন। তবে এবার নিয়মে বড় বদল আনা হয়েছে। নতুন নির্দেশিকা অনুযায়ী, এখন থেকে একটি পরিবারের কেবল একজনই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি বা ‘পিএম কিষাণ’-এর সুবিধা পাবেন। পরিবারের বাকি সদস্যরা ‘কৃষক বন্ধু নতুন’ প্রকল্পের আওতাভুক্ত হবেন। এই কারণেই রাজ্যজুড়ে এখন জোরকদমে তথ্য যাচাই এবং পুনর্নবীকরণের কাজ চলছে।
এদিনের বৈঠকে কৃষিমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, উপভোক্তাদের বাড়তি সুবিধা দিতেই আবেদনের সময়সীমা আরও ১০ দিন বৃদ্ধি করা হয়েছে। এর ফলে কৃষকরা নতুন করে ফর্ম জমা দেওয়ার পর্যাপ্ত সময় পাবেন। প্রশাসনের দেওয়া তথ্য বলছে, রাজ্যে মোট বৈধ কৃষকের সংখ্যা ১ কোটি ১ লক্ষ ৯ হাজার ৫৭১ জন। এর মধ্যে ৩৮ লক্ষ ৫৫ হাজার ২১৩ জন কৃষক পিএম কিষাণের আওতায় রয়েছেন। বাকি ৭১ লক্ষ ৫৪ হাজার ৩৫৮ জন কৃষককে ‘কৃষক বন্ধু’ প্রকল্পের অধীনে আনার প্রক্রিয়া চলছে। ইতিমধ্যেই প্রায় ৪৭ লক্ষ ৭১ হাজারের বেশি ফর্ম জমা পড়েছে। উপভোক্তাদের সচেতন করতে প্রায় সাড়ে ১৮ লক্ষ কৃষককে এসএমএস পাঠানো হয়েছে এবং ১৬ লক্ষেরও বেশি কৃষককে সরাসরি স্থানীয় কৃষি দফতরে যোগাযোগ করতে বলা হয়েছে।
টাকার অঙ্ক নিয়ে বিভ্রান্তি দূর করে কৃষি দফতর জানিয়েছে, ‘কৃষক বন্ধু নতুন’ প্রকল্পে যাঁদের অন্তত ৪০ শতক বা তার কম জমি রয়েছে, তাঁরা বার্ষিক ৪ হাজার টাকা পাবেন। জমির পরিমাণ তার বেশি হলে অনুদানের পরিমাণ বেড়ে দাঁড়াবে ৬ হাজার টাকা। অন্যদিকে, যাঁরা পিএম কিষাণের আওতায় থাকবেন, তাঁরা কেন্দ্রের ৬ হাজার এবং রাজ্যের ৩ হাজার টাকা মিলিয়ে মোট ৯ হাজার টাকা আর্থিক সাহায্য পাবেন।
রাজনৈতিক মহলের একাংশের মতে, সরকারি প্রকল্পে স্বচ্ছতা আনতে সরকারের এই ভেরিফিকেশন পদক্ষেপ অত্যন্ত সময়োপযোগী। এছাড়া, এদিনের বৈঠকে উত্তরবঙ্গের ডুয়ার্স ও তরাই অঞ্চলের চা বাগানগুলিতে পোকামাকড়ের উপদ্রব এবং আলু চাষিদের জন্য বীজ প্রতি কুইন্টালে ২০০ টাকা ভর্তুকি দেওয়ার বিষয়েও গুরুত্বপূর্ণ রূপরেখা ঘোষণা করেছে রাজ্য সরকার।