উজ্জয়েনে সিংহস্থ মোর প্রস্তুতির মাঝেই ধুন্ধুমার! শাহি মসজিদ ভাঙা নিয়ে তুমুল সংঘর্ষ ও পাথরবৃষ্টি!

সিংহস্থ ২০২৮-এর প্রস্তুতি ও রাস্তা প্রশস্তকরণকে কেন্দ্র করে মধ্যপ্রদেশের উজ্জয়েনে তৈরি হয়েছে চরম উত্তেজনা। কাঁঠাল স্কোয়ার থেকে গোপাল মন্দির পর্যন্ত ৯০০ মিটার দীর্ঘ রাস্তা ১৫ মিটার চওড়া করার কাজ চলছে। এই প্রক্রিয়ায় বেশ কিছু ধর্মীয় স্থান স্বেচ্ছায় সরানো হলেও, ঐতিহাসিক ৬০০ বছরের পুরনো শাহি মসজিদ ভাঙার উদ্যোগ ঘিরে শুরু হয় তীব্র বিরোধ।
রবিবার রাতে ঘটনাস্থলে বিপুল পুলিশ বাহিনী ও জেসিবি পৌঁছালে উত্তেজনা ছড়ায়। সোমবার সকালে মসজিদের কর্মীরা একাংশ ভাঙতে শুরু করলে স্থানীয় জনতা পুলিশ ও র্যাপিড অ্যাকশন ফোর্সের (RAF) ওপর পাথর ছুড়তে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও লাঠিচার্জ করে। এমনকি কাজীর বাড়িতেও পাথর ছোড়ার ঘটনা ঘটে।
এই ঘটনায় রাজনৈতিক তরজাও তুঙ্গে। বিজেপি মুখপাত্র অজয় সিং যাদব দাবি করেছেন যে, প্রশাসনের সঙ্গে সমঝোতার ভিত্তিতেই সমস্ত কাজ হচ্ছে এবং কংগ্রেস আবেগ উসকে রাজনীতি করছে। অন্যদিকে, ইন্দোরের নগর কাজী ড. ইশরাত আলী ঐতিহ্য ধ্বংসের তীব্র নিন্দা জানিয়ে বলেন যে, প্রশাসন আস্থা তৈরিতে ব্যর্থ হয়েছে। তবে উজ্জয়িনের নগর কাজী খলিলুর রহমান ভিডিও বার্তার মাধ্যমে শান্তি বজায় রাখার ও গুজব এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন।