নতুন গাড়ি কিনতেই হিমাচলে পুলিশের অদ্ভুত আবদার! মিষ্টির বদলে যা চাইল এএসআই, ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল।

হিমাচল প্রদেশের কাংড়া জেলার দেহরা থানার এক সহকারী সাব-ইন্সপেক্টরকে (এএসআই) সাময়িক বরখাস্ত করা হয়েছে। হরিয়ানা থেকে নতুন গাড়ি কিনে কাংড়ায় ঘুরতে আসা কিছু পর্যটকের গাড়ি থামিয়ে মিষ্টির নামে অনৈতিকভাবে টাকা বা বকশিশ চাওয়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তিন মিনিটের ওই ভিডিওটিতে দেখা যায়, অভিযুক্ত পুলিশকর্মী পর্যটকদের সঙ্গে কথোপকথনের সময় অনুপযুক্ত ও অশোভন আচরণ করছেন। ঘটনাটি হিমাচল প্রদেশ পুলিশের সুনাম ক্ষুণ্ণ করায় নড়েচড়ে বসে প্রশাসন।
বিষয়টি দ্রুত এসপি সন্দীপ ধনওয়ালের নজরে আসতেই তিনি কঠোর পদক্ষেপ নেন। অভিযুক্ত এএসআইকে তাৎক্ষণিকভাবে পুলিশ লাইনে বদলি করে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে, এসডিপিও দাদাসিবাকে পুরো ঘটনার একটি নিরপেক্ষ তদন্ত পরিচালনা করে প্রয়োজনীয় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। পর্যটকদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত খোদ পুলিশের এমন আচরণে সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।