পুজোর বাজারে ঝড় তুলতে আসছে নতুন স্কোডা স্লাভিয়া! এই প্রথম গাড়িতে মিলবে রয়্যাল ম্যাসাজ ফিচার ও ৮-স্পিড গিয়ারবক্স

উৎসবের মরশুমের আগেই পুনের চাকান প্ল্যান্টে নতুন স্কোডা স্লাভিয়ার উৎপাদন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ভারতে লঞ্চের পর থেকেই এই সেডানটি বাজারে দারুণ জনপ্রিয়তা অর্জন করেছে এবং এর প্রায় ৮০,০০০ ইউনিট বিক্রি হয়েছে। বর্তমান মডেলের শক্তিশালী ডিজাইন ও ইঞ্জিনিয়ারিং অক্ষুণ্ণ রেখেই নতুন স্লাভিয়াতে যুক্ত করা হয়েছে একগুচ্ছ আধুনিক প্রযুক্তি ও বিলাসবহুল ফিচার।

গাড়ির ডিজাইন ও ইন্টেরিয়ারে আনা হয়েছে নজরকাড়া পরিবর্তন। সামনে নতুন এলইডি হেডল্যাম্প, পরিমার্জিত বাম্পার এবং নতুন অ্যালয় হুইলের পাশাপাশি আর্কটিক সিলভার ও ক্যাপুচিনো বেইজের মতো দারুণ রঙের বিকল্প রাখা হয়েছে। কেবিনের ভেতরে থাকছে ১০.২৫ ইঞ্চির ডিজিটাল ক্লাস্টার, ৩৬০-ডিগ্রি ক্যামেরা এবং সেগমেন্টে এই প্রথম পেছনের সিটে বিশেষ ম্যাসাজ ফাংশন, যা দীর্ঘ যাত্রা আরও আরামদায়ক করবে। নিরাপত্তা এবং পারফরম্যান্সের দিক থেকেও এটি অনন্য; এটি তার ৫-স্টার গ্লোবাল এনসিএপি সেফটি রেটিং এবং স্ট্যান্ডার্ড ছয়টি এয়ারব্যাগের সুরক্ষা বজায় রেখেছে।

ইঞ্জিনের ক্ষেত্রে, গাড়িটিতে রয়েছে ১.০-লিটার টিএসআই এবং ১.৫-লিটার টিএসআই ইঞ্জিন অপশন। এর ১.০ লিটার ইঞ্জিনের সঙ্গে এই সেগমেন্টে প্রথম ৮-স্পিড অটোমেটিক ট্রান্সমিশন যুক্ত করা হয়েছে, যা আরও মসৃণ ড্রাইভ নিশ্চিত করে। উৎসবের মরশুমেই গাড়িটি গ্রাহকদের হাতে তুলে দেওয়া শুরু হবে।