বাগদানের দিনই হবু স্ত্রীকে ছেড়ে অন্য মেয়ের কাছে নায়ক! টলিপাড়ায় শোরগোল ফেলে দিল নতুন প্রোমো

টেলিভিশনের পর্দায় এখন বড় চমক। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘কমলা নিবাস’-এর নতুন প্রোমো প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় উঠেছে। গল্পে দেখা যাচ্ছে, পরিবার আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে রোহিনীর সঙ্গে বাগদান হওয়ার কথা ছিল আদিত্যর। কিন্তু মনে মনে সে এই বিয়ে মেনে নিতে পারছিল না। মানসিক দ্বন্দ্বের জেরে নিজের অজান্তেই কাচের গ্লাস ভেঙে হাত রক্তাক্ত করে ফেলে আদিত্য। ঠিক তখনই সেখানে ছুটে আসে পল্লবী। নিজের শাড়ির আঁচল ছিঁড়ে আদিত্যর হাতে ব্যান্ডেজ করে দেয় সে। আর এই দৃশ্য দেখেই কমলার মা বুঝতে পারে যে পল্লবী ও আদিত্যর মধ্যে কিছু একটা চলছে।
আসলে আদিত্য ও পল্লবী অনেক আগেই একে অপরের প্রেমে পড়েছে। কিন্তু পারিবারিক চাপ এবং বাবার জোরজবরদস্তির কারণেই আদিত্য বাধ্য হয়ে রোহিনীকে বিয়ে করতে রাজি হয়েছিল। কিছুদিন আগেই গল্পে দেখানো হয়েছিল আদিত্য এবং পল্লবী একসঙ্গে বাজারে ঘুরছে। এরপরই আদিত্যর মন ও সম্পর্কের কথা জানাজানি হয়ে যাওয়ায় তার বাবা রোহিনীর সঙ্গে তার বিয়ে পাকাপাকি করেন। কিন্তু প্রশ্ন উঠছে, পল্লবীর প্রতি আদিত্যর এই টান কি শেষ পর্যন্ত পরিণতি পাবে? পরিবারের কঠোর অমতে গিয়ে আদিত্য কি নিজের ভালোবাসাকে বাঁচাতে পারবে? উত্তর পাওয়ার অপেক্ষায় দিন গুনছেন দর্শকরা।