তামিলনাড়ু ছাড়িয়ে এবার সোজা বাংলায় থালাপতি বিজয়ের দল! পূর্ব বর্ধমানে প্রথম অফিস খুলে কোন বড় বার্তা দিল TVK?

তামিলনাড়ুর গণ্ডি পেরিয়ে রাজনৈতিক ও সামাজিক পরিসরে বড় পদক্ষেপ করল সুপারস্টার তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের দল ‘তামিলাগা ভেট্রি কাজাগাম’ বা টিভিকে (TVK)। পূর্ব বর্ধমানের ফাগুপুরে জাঁকজমকপূর্ণভাবে উদ্বোধন করা হলো এই রাজনৈতিক দলের প্রথম রাজ্য কার্যালয়। তবে এখনই সরাসরি নির্বাচনী রাজনীতিতে নামার কোনো পরিকল্পনা নেই তাঁদের। বরং সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়ানো এবং সমাজসেবামূলক কাজের মাধ্যমেই বাংলার মাটিতে সংগঠনের ভিত শক্ত করতে চাইছে দক্ষিণী তারকার এই দল।

রবিবার বর্ধমানের রেনেসাঁ টাউনশিপ সংলগ্ন ফাগুপুরে আনুষ্ঠানিকভাবে এই দলীয় কার্যালয়ের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্য সমন্বয়কারী চৈতালি রায় সহ বিভিন্ন জেলার শীর্ষ নেতৃত্ব। রাজ্য কমিটির বক্তব্য অনুযায়ী, এই মুহূর্তে ভোটযুদ্ধ বা রাজনৈতিক দ্বন্দ্বে জড়ানোর চেয়ে জনকল্যাণমূলক কাজের ওপর সর্বাধিক জোর দেওয়া হচ্ছে। বাংলার মানুষের বিশ্বাস অর্জন করতে হলে প্রথমে তাঁদের ঘরে পৌঁছনো এবং সমস্যার শরিক হওয়া জরুরি। তামিলনাড়ু থেকে আসা সুনির্দিষ্ট নির্দেশিকা মেনেই এই পথে হাঁটছে দল।

গত দু’মাস ধরে বাংলায় নীরবে সমাজসেবামূলক কাজ চালিয়ে যাচ্ছে টিভিকে। বর্ধমানের পাশাপাশি মালদায় হুইলচেয়ার বিতরণ সহ বীরভূম, মুর্শিদাবাদ, হাওড়া ও কলকাতার মতো বিভিন্ন জেলা থেকে সদস্যরা এই সংগঠনের সঙ্গে যুক্ত হচ্ছেন। ফাগুপুরের এই কার্যালয়কে নিছক কোনো রাজনৈতিক অফিস হিসেবে দেখতে নারাজ উদ্যোক্তারা। বরং বিভিন্ন জেলা থেকে থালাপতি বিজয়ের অনুগামীদের এক ছাতার নিচে এনে সামাজিক কাজের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চান তাঁরা। ভবিষ্যতে বাংলায় ভোট লড়াই বা থালাপতি বিজয়ের রাজ্যে আসার বিষয়টি সম্পূর্ণ নির্ভর করবে স্থানীয় জনগণের সাড়া এবং দলের শীর্ষ নেতৃত্বের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর।