অষ্টম বেতন কমিশনের মেগা আপডেট! কর্মীদের মোট বেতনে কি সত্যিই হতে চলেছে ৬ শতাংশ বৃদ্ধি?

কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য অষ্টম বেতন কমিশন সংক্রান্ত প্রস্তুতি এখন চূড়ান্ত পর্বে। ইতিমধ্যেই চণ্ডীগড়, চেন্নাই, পুদুচেরি এবং জয়পুরে সেপ্টেম্বরের আলোচনা পর্ব সফলভাবে সম্পন্ন হয়েছে। এই সমস্ত বৈঠকে কর্মচারী ইউনিয়নগুলির পক্ষ থেকে মূল বেতন এবং ‘ফিটমেন্ট ফ্যাক্টর’-এর বিষয়টি অত্যন্ত জোরালোভাবে উত্থাপন করা হয়েছে, যা আগামী দিনে বেতন সংশোধনের ক্ষেত্রে প্রধান ভিত্তি হতে চলেছে। এর মাঝেই কমিশনের পরবর্তী বৈঠকের নতুন সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ৭ ও ৮ অক্টোবর বেঙ্গালুরুতে এবং পরবর্তীতে ২৬ ও ২৭ অক্টোবর মুম্বাইতে সংশ্লিষ্ট পক্ষগুলির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবে অষ্টম বেতন কমিশন।
বিশেষজ্ঞদের মতে, সপ্তম বেতন কমিশনের সময় ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর কার্যকর করা হলেও, মূল বেতন এবং মোট বেতনের বৃদ্ধির হারের মধ্যে যথেষ্ট তফাত দেখা গিয়েছিল। সপ্তম বেতন কমিশনের প্রতিবেদন যখন কার্যকর হয়, তখন মহার্ঘ ভাতা বা ডিএ (DA)-র হার ছিল ১২৫ শতাংশ, যার ফলে মোট বেতন বৃদ্ধির হার মাত্র ১৪.২৮ শতাংশে সীমিত হয়ে গিয়েছিল। এবার অষ্টম বেতন কমিশনের ক্ষেত্রে এই হিসেব অনেকটাই আলাদা হতে পারে। বর্তমানে ডিএ-র হার ৬০ শতাংশ রয়েছে এবং ২০২৭ সালের দ্বিতীয়ার্ধে কমিশনের প্রতিবেদন অনুমোদিত হলে এই হার প্রায় ৬৬ শতাংশে পৌঁছাতে পারে বলে অনুমান করা হচ্ছে।
নথি অনুযায়ী, ফিটমেন্ট ফ্যাক্টরের সম্ভাব্য তিনটি হিসাব সামনে এসেছে। যেমন— ২.০ ফিটমেন্ট ফ্যাক্টরের ক্ষেত্রে মূল বেতন বেড়ে হতে পারে ৯৫,২০০ টাকা এবং মোট বেতন ১,১৮,০৪৮ টাকা। আবার ২.৩৮ ফিটমেন্ট ফ্যাক্টরের ক্ষেত্রে মূল বেতন ১,১৩,২৮৮ টাকা এবং মোট বেতন ১,৪০,৪৭৭ টাকায় পৌঁছাতে পারে। অন্যদিকে, ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর কার্যকর হলে লেভেল ৮-এর একজন কর্মীর মূল বেতন বেড়ে ১,২২,৩৩২ টাকা এবং মোট বেতন ১,৫১,৬৯২ টাকা পর্যন্ত হতে পারে, যা প্রায় ৬৮ শতাংশ পর্যন্ত মোট বেতন বৃদ্ধি নির্দেশ করে। তবে কোন ফর্মুলায় সিলমোহর পড়বে এবং প্রকৃত বৃদ্ধির হার কত হবে, তা কেবল কমিশনের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশের পরেই স্পষ্ট হবে।