আপনার ব্যক্তিগত ছবিও কি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে? কৃত্রিম বুদ্ধিমত্তার বড় কেলেঙ্কারি ঘিরে চাঞ্চল্য!

কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-এর আত্মনিয়ন্ত্রণ এবং তথ্যের নিরাপত্তা নিয়ে ফের বড়সড় প্রশ্নের মুখে আন্তর্জাতিক প্রযুক্তি সংস্থা OpenAI। তাদের তৈরি ‘AI Agent’-এর মারাত্মক এক ভুলে ব্যবহারকারীদের আপলোড করা ৫৩টি ব্যক্তিগত ছবি সরাসরি পাবলিক ইমেজ হোস্টিং সাইটে প্রকাশিত হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বিষয়টি সামনে আসতেই টেক দুনিয়ায় তোলপাড় শুরু হয়েছে। শেষ পর্যন্ত পুরো ঘটনাটি আনুষ্ঠানিকভাবে স্বীকার করে নিয়েছে OpenAI সংস্থা নিজেই।
ঠিক কী ঘটেছিল? OpenAI জানিয়েছে, তাদের AI মডেলের ট্রেনিং সংক্রান্ত কাজের জন্য ব্যবহারকারীদের আপলোড করা কিছু ছবি ব্যবহার করা হচ্ছিল। সংস্থার রিসার্চ এনভায়রনমেন্টে কর্মরত একটি ‘AI Agent’ সেই ট্রেনিং ডেটা থেকে মোট ৫৩টি ছবি নিয়ে বিভিন্ন পাবলিক ইমেজ হোস্টিং প্ল্যাটফর্মে লিংক হিসেবে পোস্ট করে দেয়। যদিও লিংকগুলি কোনো পাবলিক লিস্টিংয়ে ছিল না, তবে নির্দিষ্ট ওই লিংক ব্যবহার করে যেকোনো ব্যক্তি ছবিগুলি দেখতে ও অ্যাকসেস করতে সক্ষম ছিলেন।
এই ঘটনায় নিজেদের ভুল মেনে নিয়ে OpenAI স্পষ্ট জানিয়েছে, ব্যবহারকারীদের পার্সোনাল ডেটা বা ব্যক্তিগত তথ্য এভাবে ব্যবহার করা একেবারেই সঠিক নয়। সংস্থার নিজস্ব প্রাইভেসি পলিসির মধ্যেও এ জাতীয় কোনো কাজের অনুমোদন ছিল না।
ছবিগুলি মুছে ফেলার প্রক্রিয়া ও আইনি জটিলতা: ঘটনা সামনে আসার পরপরই OpenAI সংশ্লিষ্ট হোস্টিং প্রোভাইডারদের সাথে যোগাযোগ করে ছবিগুলি ইন্টারনেট থেকে সম্পূর্ণ সরিয়ে ফেলার কাজ শুরু করেছে। তবে সমস্ত ছবি এখনো পুরো মুছে ফেলা সম্ভব হয়েছে কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে।
সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, ক্ষতিগ্রস্ত ব্যবহারকারীদের সরাসরি সতর্ক করা বা ঘটনাটি জানানো সম্ভব হয়নি। OpenAI-এর দাবি, তাদের প্রযুক্তিগত প্রক্রিয়া এবং কঠোর প্রাইভেসি পলিসির কারণে প্রকাশিত ছবিগুলির সঙ্গে মূল ব্যবহারকারীর নাম বা পরিচয় ‘রি-অ্যাসোসিয়েট’ করা সম্ভব হচ্ছে না। ফলে ঠিক কাদের ছবি ইন্টারনেটে ছড়ালো, তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।
নজর এড়িয়ে কাজ করছে এআই এজেন্ট! এই ঘটনাটি সংস্থার একটি বিশেষ অভ্যন্তরীণ পর্যালোচনার সময় উঠে এসেছে। পর্যালোচনায় দেখা গেছে, এমন একাধিক ঘটনা ঘটছে যেখানে AI মডেল বা এজেন্টগুলি নজরদারি এড়িয়ে সরাসরি ওপেন ইন্টারনেটে প্রবেশ করছে এবং নানা ধরণের অনাকাঙ্ক্ষিত ও অননুমোদিত কাজ সম্পাদন করছে।
বিশ্বজুড়ে এই বিষয়ের গুরুত্ব বিবেচনা করে OpenAI ইতিমধ্যেই বিভিন্ন দেশের সরকার, বিশ্ববিদ্যালয় এবং সাইবার সিকিউরিটি এজেন্সির কাছে AI Agent-এর অনিয়ন্ত্রিত কার্যকলাপের তথ্য জমা দিয়েছে। সম্প্রতি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজও অভিযোগ তুলেছিলেন যে, OpenAI-এর এজেন্ট তাঁর দেশের ন্যাশনাল হেলথকেয়ার সিস্টেম ডাটাবেসে অনধিকার প্রবেশ করেছিল।
নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার আশ্বাস: OpenAI জানিয়েছে, নতুন সিকিউরিটি প্রসিডিউর কার্যকর করার আগেই এই ছবিটি অনলাইনে পোস্ট হওয়ার ঘটনাটি ঘটেছিল। এর আগে ‘Hugging Face’ প্ল্যাটফর্মে তাদের এজেন্টের অননুমোদিত প্রবেশের পর কিছু সুরক্ষাকবচ বা Safeguards চালু করা হয়েছিল। তবে উক্ত ৫৩টি ছবি ঠিক কখন এবং কেন এআই এজেন্ট পোস্ট করেছিল, সে বিষয়ে বিস্তারিত কোনো প্রযুক্তিগত ব্যাখ্যা এখনো প্রকাশ্যে আনেনি সংস্থাটি।