শ্রীরামপুরে মমতার সভাকে সবুজ সঙ্কেত হাইকোর্টের! তবে কোন কড়া শর্তে আটকে গেল ভিড়?

অবশেষে শর্তসাপেক্ষে শ্রীরামপুর কোর্ট ময়দানে সভা করার অনুমতি পেলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৬ সেপ্টেম্বর (শনিবার) বিকেল ৪টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ওই ময়দানে কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে সভার আয়োজন নিয়ে রাজ্যের আপত্তির মুখে পড়ে লোকসংখ্যার ক্ষেত্রে বড়সড় কাটছাঁট করেছে আদালত।

আদালত সূত্রে জানা গিয়েছে, প্রথমে শ্রীরামপুর কোর্ট ময়দান চত্বরে মোট ২০০০ মানুষের জমায়েতের অনুমতি চেয়ে আবেদন করেছিল কালীঘাট তৃণমূল। কিন্তু রাজ্যের তরফে এই বিশাল জমায়েতে ঘোর আপত্তি জানানো হয়। রাজ্যের যুক্তি ছিল, ওই চত্বরটি অত্যন্ত সংকীর্ণ এবং জেড প্লাস নিরাপত্তার কারণে প্রাক্তন মুখ্যমন্ত্রীর চারপাশে নির্দিষ্ট জায়গা ফাঁকা রাখতে হয়। ফলে এত বড় জনসমাগম হলে পদপিষ্ট হওয়ার মতো মারাত্মক পরিস্থিতি তৈরি হতে পারে। যদিও এর পাল্টা যুক্তি হিসেবে তৃণমূলের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে জানান, অতীতে ওই একই চত্বরে শ্রেয়া ঘোষালের অনুষ্ঠানে প্রায় ৫০ হাজার মানুষের জমায়েত হয়েছিল।

উভয় পক্ষের দীর্ঘ সওয়াল-জবাব শোনার পর বিচারপতি সৌগত ভট্টাচার্য সর্বাধিক ১০০০ জন লোক নিয়ে এই কর্মসূচি করার অনুমতি দিয়েছেন। একই সঙ্গে বেশ কিছু কঠোর শর্তও জুড়ে দিয়েছে আদালত। নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে যে, জিটি রোডে কোনো ধরনের মিছিল করা যাবে না এবং কোনো অবস্থাতেই যেন জিটি রোডের যান চলাচল স্তব্ধ না হয়, তা কঠোরভাবে নিশ্চিত করতে হবে।

Aditi Banik
  • Aditi Banik