মাত্র ২ কোটির ছবি এখন বিশ্বজয়ী! ওটিটির শতকোটির প্রস্তাব ফেরাল কোন ব্লকবাস্টার?

মুক্তির আগে যার বিশেষ কোনো সাড়াশব্দ ছিল না, সেই স্বল্প বাজেটের ছবিই এখন বক্স অফিসে নতুন ইতিহাস সৃষ্টি করেছে। বলছি ‘হনুমান অংশ’ সিনেমার কথা। কোনো রকম বড়ো প্রচার বা বিজ্ঞাপন ছাড়াই শুধুমাত্র দর্শকদের মুখের প্রচারে বক্স অফিসে ঝড় তুলেছে এই ছবি। সিনেমা হলগুলোতে তৈরি হয়েছে এক অভূতপূর্ব ভক্তিমূলক পরিবেশ, যেখানে দর্শকরা জুতো খুলে হলের ভেতরে প্রবেশ করে একে মন্দিরের মতো সম্মান জানিয়েছেন। এর জেরে দিন দিন লাফিয়ে বেড়েছে ছবির বক্স অফিস কালেকশন।

মাত্র ২ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই চলচ্চিত্রটি বিশ্বজুড়ে প্রায় ২৩৬ কোটি টাকার ব্যবসা করে তাক লাগিয়ে দিয়েছে। শুরুটা অত্যন্ত মন্থর গতিতে হলেও, মুক্তির ১৬তম দিন থেকে ছবির আয় আকাশছোঁয়া হতে শুরু করে। প্রথম দুই সপ্তাহে যেখানে আয় ছিল মাত্র ১.৪৮ কোটি টাকা, সেখানে চতুর্থ সপ্তাহে ৬১ কোটি এবং পঞ্চম সপ্তাহে ৯০ কোটি টাকার ব্যবসা করে ছবিটি সবাইকে চমকে দেয়। বর্তমানে প্রতিটি প্রেক্ষাগৃহে হাউজফুল বোর্ড ঝুলছে এবং টিকিটের জন্য উপচে পড়ছে দর্শকের ভিড়।

ছবির এই অভাবনীয় সাফল্যের পর এবার ওটিটি প্ল্যাটফর্ম থেকেও বিশাল অঙ্কের প্রস্তাব আসতে শুরু করেছে। জোর গুঞ্জন শোনা যাচ্ছে যে, একটি প্রথমসারির ওটিটি প্ল্যাটফর্ম ‘হনুমান অংশ’-এর ডিজিটাল স্বত্ব কিনতে প্রায় ১০০ কোটি টাকার বাম্পার অফার দিয়েছে। নিয়ম অনুযায়ী প্রেক্ষাগৃহে মুক্তির অন্তত আট সপ্তাহ পর ছবি ওটিটিতে আসার কথা থাকলেও, প্ল্যাটফর্মটি নির্ধারিত সময়ের আগেই চুক্তি চূড়ান্ত করতে উদগ্রীব। যদিও নির্মাতারা এই বিশাল প্রস্তাব গ্রহণ করেছেন কিনা, সে বিষয়ে এখনও মুখ খোলেননি।

এই প্রসঙ্গে ছবির সহ-প্রযোজক রাগিণী সোনি স্পষ্টভাবে জানিয়েছেন, ওটিটি রিলিজ নিয়ে দর্শকদের এখন ভাবার কোনো প্রয়োজন নেই। ছবিটিকে প্রেক্ষাগৃহেই উপভোগ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা চাই দর্শকরা হলে এসে সিনেমাটি দেখুন। ‘হনুমান অংশ’-র ওপর স্বয়ং হনুমানজির আশীর্বাদ রয়েছে এবং সাধারণ মানুষ যেভাবে এই ছবির প্রচার করে একে সফল করেছেন, সেটাই আমাদের সবচেয়ে বড় পাওনা। ছোট বাজেটের এই সিনেমা প্রমাণ করে দিল যে সদিচ্ছা আর ভালো কনটেন্ট থাকলে প্রচারের আলো ছাড়াই দর্শকের ভালোবাসায় ইতিহাস গড়া সম্ভব।