২ হাজার টাকার বেশি UPI লেনদেনে কি বাড়তি চার্জ কাটবে? জল্পনা উড়িয়ে স্পষ্ট নির্দেশিকা দিল কেন্দ্র!

ইউপিআই (UPI) লেনদেন নিয়ে সাধারণ মানুষের মনে তৈরি হওয়া সমস্ত জল্পনা ও গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থান স্পষ্ট করল কেন্দ্রীয় সরকার। সম্প্রতি প্রকাশিত নতুন সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, ২,০০০ টাকা পর্যন্ত ডিজিটাল লেনদেনে গ্রাহকদের কাছ থেকে কোনো ধরনের চার্জ বা অতিরিক্ত ফি নেওয়া যাবে না। তবে এই সীমার বাইরে অর্থাৎ ২,০০০ টাকার বেশি অংকের পেমেন্ট করলে অতিরিক্ত কোনো খরচ দিতে হবে কি না, তা নিয়ে দেশজুড়ে যে প্রশ্ন তৈরি হয়েছিল, তারও সুনির্দিষ্ট জবাব দিয়েছে অর্থ মন্ত্রক। সরকারের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, এই মুহূর্তে ২,০০০ টাকার বেশি ইউপিআই পেমেন্ট করলেও কোনো গ্রাহককে অতিরিক্ত কোনো ট্রানজাকশন ফি দিতে হবে না। ফলে সাধারণ ব্যবহারকারীদের উদ্বেগের কোনো কারণ নেই।

পেমেন্ট অ্যান্ড সেটলমেন্ট সিস্টেমস আইনের ১০এ ধারায় সম্প্রতি যে পরিবর্তন আনা হয়েছে, তার গেজেট বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে যে RuPay ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট কিংবা ২,০০০ টাকা পর্যন্ত ইউপিআই লেনদেনের ক্ষেত্রে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে চার্জ করা যাবে না। অর্থাৎ, একজন গ্রাহক যখন অন্য কাউকে টাকা পাঠান, তখন ব্যাঙ্ক, থার্ড-পার্টি পেমেন্ট অ্যাপ বা অন্য কোনো পরিষেবা প্রদানকারী সংস্থা তাঁর কাছ থেকে এক টাকাও কাটতে পারবে না। এমনকি টাকা গ্রহণকারী মার্চেন্টের কাছ থেকেও এই নির্দিষ্ট সীমার মধ্যে কোনো চার্জ নেওয়া নিষিদ্ধ করা হয়েছে।

তবে ভবিষ্যতে ইউপিআই লেনদেনে ‘মার্চেন্ট ডিসকাউন্ট রেট’ বা MDR চালু করা হতে পারে কি না, সেই আলোচনা এখনও পুরোপুরি বন্ধ হয়নি। গত অগস্ট মাসে রাজ্যসভায় ‘ট্যাক্সেশন অ্যান্ড আদার লজ় (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’ নিয়ে আলোচনার সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন স্পষ্ট করেছিলেন যে এই সংশোধিত আইনটি একটি ‘এনেবলিং প্রভিশন’ বা সহায়ক বিধান মাত্র। এর অর্থ হলো, ভবিষ্যতে প্রয়োজন সাপেক্ষে নির্দিষ্ট কিছু বড় অংকের ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে ফি চালুর আইনি সুযোগ তৈরি রাখা হয়েছে। কিন্তু এই আইনের মাধ্যমে কোনো সাধারণ ইউপিআই ব্যবহারকারীর উপর নতুন করে কোনো কর বা লেনদেনের ফি চাপানো হয়নি। ফুটপাতের ছোট বিক্রেতা, ক্যাবচালক বা মুদির দোকানদারের ক্ষেত্রেও এখনই অতিরিক্ত কোনো চার্জ বসছে না।

এমডিআর (MDR) বা মার্চেন্ট ডিসকাউন্ট রেট হলো মূলত ডিজিটাল পেমেন্ট গ্রহণ করার বিনিময়ে ব্যবসায়ীকে সংশ্লিষ্ট ব্যাঙ্ক বা পেমেন্ট সংস্থাকে প্রদান করা একটি ছোট প্রক্রিয়াকরণ ফি। ভারতে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে জনপ্রিয় করে তুলতে ২০২০ সাল থেকেই ইউপিআই লেনদেনে এমডিআর শূন্য রাখা হয়েছে। তবে বর্তমান সময়ে ইউপিআই লেনদেনের গ্রাফ আকাশছোঁয়া। গত অগস্ট মাসেই এই কাঠামোর মাধ্যমে ২৪৫১ কোটি লেনদেন সম্পন্ন হয়েছে, যার মোট আর্থিক মূল্য প্রায় ২৯.৮২ লক্ষ কোটি টাকা। এত বিশাল পরিকাঠামো টিকিয়ে রাখতে সাইবার নিরাপত্তা এবং প্রতারণা রোধে বিপুল খরচ হয়। পেমেন্ট সংস্থাগুলির দাবি, সীমিত ক্ষেত্রে এমডিআর চালুর অনুমতি মিললে পরিকাঠামো উন্নয়নে আরও বিনিয়োগ করা সম্ভব। তবে ব্রোকারেজ সংস্থা জেফারিজের অনুমান অনুযায়ী, ভবিষ্যতে যদি বড় অঙ্কের মার্চেন্ট পেমেন্টে ফি চালুও হয়, তবে তা কেবল বড় ব্যবসায়ীদের ক্ষেত্রেই প্রযোজ্য হতে পারে, সাধারণ মানুষের পিট টু পিট লেনদেনে নয়। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এনপিসিআই-র নেতৃত্বাধীন ২২ সদস্যের একটি বিশেষ স্টিয়ারিং কমিটি।