আমশা প্যাটেলের বাড়ি থেকেই গায়েব সোনা-হিরে! চোর ধরতে পুলিশ যা করল, জানলে চমকে যাবেন

বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেলের মুম্বাইয়ের বাড়িতে ঘটে গেল এক চাঞ্চল্যকর চুরির ঘটনা। সোনা ও হিরের মূল্যবান গয়না চুরির অভিযোগে মেরিন ড্রাইভ থানায় এফআইআর দায়ের করেছেন অভিনেত্রীর মা আশা প্যাটেল। এই ঘটনায় ইতিমধ্যেই আমিশার বাড়ির এক গৃহপরিচারিকাকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, মুম্বাইয়ের চার্চগেটে আশা প্যাটেলের বাসভবন থেকে গত জানুয়ারি মাসে প্রায় ৫ লক্ষ টাকা বাজারমূল্যের একটি হিরের বালা উধাও হয়ে যায়। শুরু থেকেই বাড়ির গৃহপরিচারিকা সীমার ওপর সন্দেহ দানা বেঁধেছিল। প্রায় পাঁচ-ছয় মাস ধরে অভিযুক্তকে একাধিকবার গয়না ফেরত দেওয়ার অনুরোধ করা হলেও কোনো সুরাহা মেলেনি। শেষমেশ বাধ্য হয়েই পুলিশের দ্বারস্থ হন আমিশার মা।

অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার ৩০৬ ধারায় মামলা রুজু করে মেরিন ড্রাইভ থানার পুলিশ। পরে ক্রাইম ডিটেকশন টিমের যৌথ অভিযানে বীরার এলাকা থেকে অভিযুক্ত গৃহপরিচারিকাকে গ্রেফতার করা হয়। আদালতে তোলা হলে বিচারক তাকে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।

প্রায় দেড় বছর ধরে আমিশার চার্চগেটের বাড়িতে কাজ করছিলেন ওই পরিচারিকা। তবে চুরি যাওয়া গয়নাগুলি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। এই ঘটনার নেপথ্যে অন্য কেউ জড়িত রয়েছে কি না এবং ওই কর্মীর অতীতে কোনো অপরাধের রেকর্ড আছে কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারী দল।