তোলাবাজি ও প্রতারণার ভয়ঙ্কর অভিযোগ! TMC-র দাপুটে নেতা বরুণের গ্রেফতারিতে তোলপাড়

শুক্রবার সকালে বাড়ি থেকেই গ্রেপ্তার করা হয়েছে দমদম পুরসভার প্রাক্তন উপ-প্রধান তথা তৃণমূল নেতা বরুণ নট্টকে। তোলাবাজি, প্রতারণা সহ একাধিক গুরুতর অভিযোগের ভিত্তিতে দমদম থানার পুলিশ তাঁকে এবং তাঁর দুই সহযোগীকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সুজয় মজুমদার নামে এক স্থানীয় প্রোমোটার দমদম থানায় বরুণ নট্ট ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। এর পরেই নড়েচড়ে বসে পুলিশ। শুক্রবার সকালে অভিযান চালিয়ে বরুণ ছাড়াও দমদম পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর পর্ণা দাসের ছেলে নয়নাশিস দাস ওরফে জনি এবং তাঁদের ঘনিষ্ঠ সঙ্গী সুমন্ত ঘোষ ওরফে লাল্টুকেও গ্রেপ্তার করা হয়।
চলতি বছরের জুনে কাজের অসুবিধার কারণ দেখিয়ে দমদম পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছিলেন হরেন্দর সিং। ঠিক তার পরেই পুরসভার ভাইস চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন বরুণ নট্ট। সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ‘জনতার দরবারে’ গিয়ে ওই ব্যবসায়ী বরুণের বিরুদ্ধে সরাসরি নালিশ জানিয়েছিলেন। সেই অভিযোগের ভিত্তিতেই বৃহস্পতিবার থানায় এফআইআর দায়ের হয় এবং দ্রুত পদক্ষেপ করে পুলিশ।
আজই ধৃত তিনজনকে ব্যারাকপুর আদালতে পেশ করা হবে। এই তোলাবাজি কাণ্ডের নেপথ্যে আরও কেউ জড়িত রয়েছে কি না এবং কোনও বড় অঙ্কের আর্থিক লেনদেন হয়েছিল কি না, তা খতিয়ে দেখতে ধৃতদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে তদন্তকারী অফিসাররা।