দীর্ঘ ১৫ বছরের খরা কাটিয়ে আন্তর্জাতিক মঞ্চে বাংলা! কেপটাউনে বড় বার্তা দিতে চলেছেন স্পিকার রথীন্দ্র বোস

দীর্ঘ পনেরো বছরের দীর্ঘ খরা কাটিয়ে অবশেষে আন্তর্জাতিক মঞ্চে পা রাখছে পশ্চিমবঙ্গ। দক্ষিণ আফ্রিকার কেপটাউনে আয়োজিত হতে চলা মর্যাদাপূর্ণ কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে চলেছেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস। বিশ্বের ৫৬টি দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে এই আন্তর্জাতিক সম্মেলনে সংসদীয় ঐতিহ্য, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং গণতান্ত্রিক মূল্যবোধের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি যেমন তুলে ধরা হবে, তেমনই রাজ্যের পক্ষে সওয়াল করার বড় সুযোগ দেখছে রাজ্য।
দক্ষিণ আফ্রিকা সফর শেষেই থেমে থাকছেন না বিধানসভার অধ্যক্ষ। তাঁর পরবর্তী গন্তব্য হতে চলেছে আমেরিকা ও যুক্তরাজ্য (ইউকে)। বিদেশ সফরকালে প্রবাসী বাঙালিদের বাংলায় এসে বিনিয়োগ করার আহ্বান জানাবেন তিনি। এপ্রসঙ্গে রথীন্দ্র বোস স্পষ্ট জানিয়েছেন, বাংলায় রাজনৈতিক পটপরিবর্তনের পর নতুন আবহাওয়া তৈরি হয়েছে। প্রবাসীদের কাছে সেই বার্তা পৌঁছে দিয়ে শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও খেলাধুলার মতো বিভিন্ন ক্ষেত্রে রাজ্যে বিনিয়োগের আর্জি রাখা হবে।
এদিকে আন্তর্জাতিক মঞ্চের পাশাপাশি রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আইনশৃঙ্খলা নিয়েও খোলামেলা মন্তব্য করেছেন স্পিকার। সম্প্রতি জলপাইগুড়ি জেলা স্কুলে প্রধান শিক্ষককে হেনস্থা ও মারধরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। অন্যদিকে, নতুন সরকারের কার্যকারিতা নিয়ে বিরোধী দলগুলির লাগাতার সমালোচনাকে এখনই বিশেষ পাত্তা দিতে নারাজ স্পিকার। বিরোধীদের উদ্দেশে তাঁর স্পষ্ট বার্তা, বর্তমান সরকার সবেমাত্র তাদের কার্যকালের পাঁচ শতাংশ সময় পার করেছে। এখনই ‘ত্রাহি মধুসূদন’ রব তোলার কোনও মানে হয় না, কারণ সরকারের মূল্যায়নের জন্য এখনও ৯৫ শতাংশ সময় বাকি রয়েছে।