রেল পরিবহণে ঐতিহাসিক বিপ্লব! ৩৫ হাজার কোটির মেগা প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করে নরেন্দ্র মোদি দিলেন কোন বড় বার্তা?

ভাদোদরায় আয়োজিত ‘নমো ফর বিকশিত ভারত’ (NaMo for Viksit Bharat) নামক এক মেগা অনুষ্ঠানে ৩৫ হাজার কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিনের অনুষ্ঠান থেকেই তিনি দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দীর্ঘ প্রতীক্ষিত ‘ওয়েস্টার্ন ডেডিকেটেড ফ্রেইট করিডোর’ (WDFC)-এর কাজ সম্পূর্ণ হওয়ার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। প্রায় ২,৮০০ কিলোমিটারের বেশি দীর্ঘ এই নেটওয়ার্ক ভারতের রেলপথে পণ্য পরিবহণ ব্যবস্থাকে এক অন্য উচ্চতায় নিয়ে যাবে এবং সামগ্রিক লজিস্টিকস খরচ অনেকটাই কমিয়ে আনবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী জানান, এই করিডোরের কাজ সম্পূর্ণ হওয়া বিগত বারো বছরে দেশের কর্মসংস্কৃতিতে আসা এক ঐতিহাসিক পরিবর্তনেরই স্পষ্ট প্রতিফলন। ২০১৪ সালের আগের দীর্ঘ রাজনৈতিক ও প্রশাসনিক উদাসীনতাকে তীব্র আক্রমণ করে মোদি বলেন, এই ফ্রেইট করিডোর প্রকল্পের পরিকল্পনা ২০০৪ সালেই করা হলেও ২০১৪ সালে বিজেপি সরকার ক্ষমতায় আসার আগের পর্যন্ত নথিপত্র স্রেফ ফাইলবন্দি হয়েই পড়েছিল। বর্তমান সরকারের জমানায় সমস্ত রাজনৈতিক ও প্রশাসনিক জটিলতা কাটিয়ে যেভাবে দেশজুড়ে দ্রুতগতিতে পরিকাঠামো উন্নয়ন করা হচ্ছে, তা একবিংশ শতাব্দীর ভারতের অগ্রগতির পথকে আরও প্রশস্ত করছে বলেই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী।

Pratik Saha
  • Pratik Saha