সপ্তাহভর দুর্যোগের পূর্বাভাস! কোন কোন জেলায় আজই নামছে ভারী বৃষ্টির কালো মেঘ?

দক্ষিণবঙ্গে মঙ্গল ও বুধবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে থাকবে বজ্রপাতের আশঙ্কা। মূলত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টি কমলে আর্দ্রতাজনিত অস্বস্তি বৃদ্ধি পাবে। অন্যদিকে, উত্তরবঙ্গে আজ মঙ্গলবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে মঙ্গল ও বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগামী শুক্র ও শনিবার ফের উত্তরবঙ্গে ভারী বৃষ্টির তাণ্ডব শুরু হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, বর্তমানে উত্তর-পূর্ব বিহারের ওপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। পাশাপাশি মৌসুমী অক্ষরেখা রাজস্থানের শ্রীগঙ্গানগর থেকে নিম্নচাপ এলাকার ওপর দিয়ে পুরুলিয়া এবং দিঘার ওপর দিয়ে এগিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই জোড়া প্রভাবেই মূলত এই বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিস্থিতি:
দক্ষিণবঙ্গে মূলত আংশিক মেঘলা আকাশ বজায় থাকবে। মঙ্গল ও বুধবার রাজ্যের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বজ্রপাতের আশঙ্কার পাশাপাশি বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে সপ্তাহান্তে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা ক্রমশ কমবে। আজ মঙ্গলবার পূর্ব বর্ধমান, হাওড়া এবং হুগলি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এছাড়া বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে এবং কোথাও কোথাও ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে দমকা হাওয়া বইতে পারে। বুধবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টির কোনো সতর্কতা নেই এবং বৃষ্টির সম্ভাবনাও কমবে।
উত্তরবঙ্গের আবহাওয়া পরিস্থিতি:
উত্তরবঙ্গে আজ মঙ্গলবার একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। তবে বুধবার ও বৃহস্পতিবার ভারী বৃষ্টির বিশেষ সতর্কতা না থাকলেও শুক্রবার ও শনিবার ফের ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আজ মঙ্গলবার জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়া বইবে। শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। শনিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতার আবহাওয়া পরিস্থিতি:
কলকাতায় মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে এবং বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দমকা হাওয়ার গতিবেগ ৩০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টা হতে পারে। বুধবার পর্যন্ত কলকাতায় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বৃষ্টি না হলে বাতাসে জলীয় বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। আজ মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৪ থেকে ৯৮ শতাংশের মধ্যে রয়েছে।