“৫০ দিনে দ্বিতীয়বার বদলি”-৪০ বছরের IAS অফিসারের চাঞ্চল্যকর অভিযোগ!

এক বছরের মধ্যে চারবার বদলি! প্রশাসনের অন্দরে ষড়যন্ত্রের অভিযোগ তুলে সরব হলেন মধ্যপ্রদেশের এক সিনিয়র আইএএস অফিসার। মাত্র ৫০ দিনের ব্যবধানে পুনরায় বদলি করায় রীতিমতো ক্ষোভপ্রকাশ করেছেন ২০১১ ব্যাচের মধ্যপ্রদেশ ক্যাডারের এই আইএএস অফিসার নেহা মারভিয়া সিং। তাঁর স্পষ্ট দাবি, এভাবে ঘনঘন বদলি করা হলে কোনো বিভাগের দায়িত্ব সঠিকভাবে সামলানো বা কাজ করা তাঁর পক্ষে সম্পূর্ণ অসম্ভব।

৪০ বছর বয়সি নেহা মারভিয়া এর আগে ট্রাইবাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইনস্টিটিউট এবং শিডিউলড ট্রাইব ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশনের মতো গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব সামলেছেন। গত ৫ সেপ্টেম্বর মধ্যপ্রদেশ সরকার এক নির্দেশিকায় তাঁকে ট্রাইবাল রিজিওনাল ডেভেলপমেন্ট স্কিমের ডিরেক্টর পদ থেকে সরিয়ে শিডিউলড ট্রাইবস ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর পদে নিয়োগ করে। এর পাশাপাশি তাঁকে অতিরিক্ত সচিবের দায়িত্বও দেওয়া হয়।

তবে এই বদলির পরেই ক্ষোভ উগরে দিয়ে মধ্যপ্রদেশ আইএএস অফিসার্স অ্যাসোসিয়েশনকে একটি বার্তা পাঠিয়েছেন ওই আধিকারিক। তাঁর অভিযোগ, অধস্তন কর্মীরা তাঁর বিরুদ্ধে প্রকাশ্যেই ষড়যন্ত্র করছেন এবং তাঁর নির্দেশ অমান্য করছেন। ইচ্ছাকৃতভাবে ফাইল আটকে রাখা এবং শৃঙ্খলাভঙ্গের মতো গুরুতর অভিযোগও তুলেছেন তিনি। নেহার বক্তব্য, মাত্র এক মাসের মধ্যে কোনো অফিসারের পক্ষেই একটি সম্পূর্ণ বিভাগকে খুঁটিয়ে চেনা বা বুঝে ওঠা সম্ভব নয়। সরকারের প্রতিটি সিদ্ধান্তকে তিনি সম্মান জানালেও, এই ধরনের ঘনঘন বদলির জেরে তিনি কাজের সমস্ত উৎসাহ হারিয়ে ফেলছেন বলে জানিয়েছেন। পুরো বিষয়টি খতিয়ে দেখে অ্যাসোসিয়েশনের হস্তক্ষেপের দাবি তুলেছেন তিনি।

উল্লেখ্য, এর আগেও একাধিকবার কর্মক্ষেত্রের নানা বিবাদের জেরে খবরের শিরোনামে এসেছেন নেহা। ২০১৭ সালে শিবপুরী পঞ্চায়েতের সিইও থাকাকালীন ডিস্ট্রিক্ট কালেক্টরের সঙ্গে তাঁর সংঘাত বাধে। পরবর্তীতে রাজস্ব বিভাগে কাজের সময় তৎকালীন মুখ্যসচিব মনীশ রাস্তোগির সঙ্গেও তাঁর মতবিরোধ হয়েছিল বলে জানা যায়। তবে এবারের এই বদলি সংক্রান্ত বিতর্ক এবং জুনিয়র কর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ নতুন করে রাজ্য প্রশাসনের অন্দরের ছবিটাকেই উসকে দিয়েছে।