নন্দীগ্রাম এবং রেজিনগরে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা, জেনে নিন ভোটের পুরো শিডিউল

পশ্চিমবঙ্গের অত্যন্ত চর্চিত দুটি বিধানসভা কেন্দ্র—নন্দীগ্রাম এবং রেজিনগরে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দিল ভারতের নির্বাচন কমিশন। রাজ্য রাজনীতিতে ব্যাপক আলোড়ন ফেলে দেওয়া এই দুই আসনে আগামী ৬ অক্টোবর ২০২৬ (মঙ্গলবার) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং ভোটগণনা হবে ৯ অক্টোবর, শুক্রবার।

নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, পশ্চিমবঙ্গের পাশাপাশি তামিলনাড়ু, পুদুচেরি এবং অসমের বিভিন্ন আসনেও উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। তবে রাজনৈতিক মহলের নজর সবচেয়ে বেশি রয়েছে নন্দীগ্রাম ও রেজিনগর কেন্দ্রের দিকে। বিধানসভা নির্বাচনের পর রেজিনগর কেন্দ্র থেকে পদত্যাগ করেন আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীর। অন্যদিকে, নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে পদত্যাগ করে নিজের বিধায়ক পদ ছাড়েন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যিনি বর্তমানে শুধু ভবানীপুর আসনটি ধরে রেখেছেন। এই দুই হেভিওয়েট শূন্য আসনে নির্বাচন ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলি প্রস্তুতি শুরু করে দিয়েছে।

একনজরে দেখে নিন উপনির্বাচনের সম্পূর্ণ দিনপঞ্জি:

  • মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ: ১৬ সেপ্টেম্বর ২০২৬ (বুধবার)

  • মনোনয়নপত্র স্ক্রুটিনির শেষ তারিখ: ১৭ সেপ্টেম্বর ২০২৬ (বৃহস্পতিবার)

  • প্রার্থী প্রত্যাহারের শেষ তারিখ: ১৯ সেপ্টেম্বর ২০২৬ (শনিবার)

  • ভোটগ্রহণ: ৬ অক্টোবর ২০২৬ (মঙ্গলবার)

  • ভোটগণনা: ৯ অক্টোবর ২০২৬ (শুক্রবার)

সব মিলিয়ে, দুর্গাপুজোর ঠিক আগেই এই দুই বিধানসভা কেন্দ্রের গোটা ভোটপ্রক্রিয়া সম্পন্ন হতে চলেছে। পুজোর আনন্দের আবহের মধ্যেই রাজনৈতিক দলগুলির হাড্ডাহাড্ডি লড়াই যে রাজ্যবাসীর নজর কেড়ে নেবে, তা বলাই বাহুল্য।