“মাঝরাতে ঘুমে মগ্ন, টাস্কে অনীহা!”-বিগ বস বাংলা থেকে প্রথম সপ্তাহেই বিদায় অনিন্দ্য-র

‘বিগ বস’ বাংলা সিজন ৩ শুরু হওয়ার প্রথম দিন থেকেই ১৫ জন প্রতিযোগীকে নিয়ে দর্শকদের প্রত্যাশা ছিল তুঙ্গে। কিন্তু ঘরে এন্ট্রি নেওয়ার পর থেকেই সেভাবে অ্যাক্টিভ থাকতে দেখা যায়নি অভিনেতা অনিন্দ্য সেনগুপ্তকে। যেকোনো টাস্ক হোক কিংবা ঘরে চলা তর্ক-বিতর্ক—সব সময় নিজেকে দূরে সরিয়ে রাখতেন তিনি। নিজের মতামত পর্যন্ত স্পষ্ট করে প্রকাশ করতেন না। প্রতিযোগীদের মধ্যে এই নিয়ে অস্বস্তি তো ছিলই, পাশাপাশি দর্শকরাও অনিন্দ্যর এমন নিরাসক্ত ভূমিকা নিয়ে বেশ চটেছিলেন। আর তারই চরম খেসারত দিতে হলো অভিনেতাকে। বিগ বস-এর প্রথম সপ্তাহে ঘরের বাইরে চলে যেতে হলো অনিন্দ্যকে।

শনিবার ছিল ‘দাদার দরবার’। সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায় বিগ বস-এর প্রতিযোগীদের ঘরে থাকার অভিজ্ঞতা নিয়ে নানান প্রশ্ন করেন। সেখানেই সৌরভ স্পষ্ট জানান, অনিন্দ্য প্রথম থেকেই এই শোয়ের সঙ্গে তেমনভাবে যুক্ত থাকতে চাননি। মাঝরাতে যখন সকলেই বিগ বসের নির্দেশে কাজ করতে ব্যস্ত, তখন নিজের ঘরে ঘুমে মগ্ন থাকতেন অনিন্দ্য। তাঁর এই দায়িত্বজ্ঞানহীন আচরণে চরম অসন্তোষ প্রকাশ করেন স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায়। এছাড়া, এক পর্বে অনিন্দ্য সায়ককে জানিয়েছিলেন যে তিনি শুধুমাত্র আর্থিক কারণেই এই গেম শোতে এসেছেন এবং তিনি আদতে একা থাকতেই পছন্দ করেন।

টাকার জন্য শোতে আসার এই মনোভাব একেবারেই পছন্দ হয়নি ‘দাদা’ সৌরভ গঙ্গোপাধ্যায়ের। তাই সঞ্চালকের কড়া নির্দেশেই অনিন্দ্যকে প্রথম সপ্তাহে ঘর ছাড়তে হয়। যদিও ক্যাপ্টেন ভরত কলসহ ঘরের বেশ কিছু সদস্য চেয়েছিলেন অনিন্দ্য শোয়ে থেকে যান, কিন্তু অনিন্দ্য নিজে সৌরভের আদেশ মাথা পেতে নিয়ে চুপচাপ বাড়ি ছেড়ে বেরিয়ে যান। সপ্তাহের শেষে শনিবার ও রবিবারের এই এপিসোডে ‘বিগ বস’-এর ঘরে সঞ্চালক সৌরভ গাঙ্গুলির এক্কেবারে কড়া রূপ দেখলেন দর্শক ও প্রতিযোগীরা।

সূচনাতেই সৌরভ অনিন্দ্য ও দীপেন্দুকে প্রশ্ন করেন, কেন তাঁরা এই বাড়িতে এত চুপচাপ রয়েছেন? অনিন্দ্যর কাছ থেকে আশানুরূপ প্রতিক্রিয়া না মেলায় সৌরভ দর্শকদের মনোভাবের সঙ্গে একমত হন এবং স্পষ্ট জানান, দর্শক মনে করছেন অনিন্দ্য এই ঘরের যোগ্য নন। আর সেই রায়েই প্রথম সপ্তাহে বিগ বস-এর ঘর থেকে অনিন্দ্যর এই বিদায় সিজনে বড়সড় চমক এনে দিল। এখন দেখার, এর পরে ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে কোন নতুন মুখ ঘরে প্রবেশ করে এবং কী চমক অপেক্ষা করছে দর্শকদের জন্য।