নেই কোনো আয়ের সীমা! ঘরে ঘরে রান্নার গ্যাসের খরচ মেটাতে বড় উপহার, কারা পাবেন এই সুবিধা?

রান্নার গ্যাসের খরচ নিয়ে গোয়ার সাধারণ মানুষের জন্য এল এক দারুণ সুখবর। ‘গোয়া উজ্জ্বলা যোজনা ২০২৬’ (Goa Ujjwala Yojana 2026)-এর অধীনে রাজ্যের নাগরিকদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত (Pramod Sawant)। রাজ্যের যোগ্য পরিবারগুলি যাতে বিনা ঝঞ্ঝাটে রান্নার গ্যাসের খরচ চালাতে পারে, তার জন্য বার্ষিক ৩,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার।
কবে থেকে অ্যাকাউন্টে ঢুকবে টাকা?
সরকারের তরফ থেকে জানানো হয়েছে, আলাদা করে সিলিন্ডার দেওয়ার পরিবর্তে তিনটি এলপিজি সিলিন্ডার বা পিএনজি (PNG)-র খরচের সমপরিমাণ অর্থ অর্থাৎ ৩,০০০ টাকা সরাসরি যোগ্য সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। আগামী ৯ই সেপ্টেম্বর থেকেই উপভোক্তাদের অ্যাকাউন্টে এই টাকা জমা হওয়া শুরু হবে। তবে যে সমস্ত বাসিন্দা সঠিক প্রক্রিয়ায় আবেদন করেছেন এবং সমস্ত প্রয়োজনীয় নথি জমা দিয়েছেন, শুধুমাত্র তারাই এই আর্থিক সহায়তার সুবিধা পাবেন।
আবেদনের প্রক্রিয়া ও নিয়মাবলী
এই প্রকল্পের সবচেয়ে বড় বিশেষত্ব হলো, এতে কোনো আয়ের নির্দিষ্ট সীমা রাখা হয়নি। অর্থাৎ, সমাজের সব শ্রেণীর পরিবারই এর জন্য আবেদন করতে পারবেন। এলপিজি গ্রাহকদের পাশাপাশি ঘরোয়া পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস (PNG) ব্যবহারকারী পরিবারগুলোও এই সুবিধার আওতাভুক্ত। এমনকি সরকারি কর্মচারীরাও এই প্রকল্পের বাইরে নন।
আবেদনের জন্য অফলাইন পদ্ধতি অবলম্বন করতে হবে: ১. নিকটতম গ্রাম পঞ্চায়েত কার্যালয়, পৌরসভা কার্যালয় বা স্থানীয় বিধায়কের কার্যালয় থেকে বিনামূল্যে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। ২. ফর্মে আবেদনকারীর নাম, গ্যাস গ্রাহক নম্বর, গ্যাস এজেন্সির নাম এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ সঠিকভাবে পূরণ করতে হবে। ৩. গ্যাস সংযোগের প্রমাণপত্র, ব্যাঙ্ক পাসবুক এবং ভোটার আইডি (ইপিআইসি কার্ড)-এর ফটোকপি নথিপত্র হিসেবে ফর্মের সঙ্গে যুক্ত করতে হবে। ৪. সমস্ত নথিসহ ফর্মটি নির্দিষ্ট অফিসে জমা দিয়ে অবশ্যই একটি রিসিভ কপি সংগ্রহ করতে হবে।
উল্লেখ্য, কোনো পরিবারের একাধিক গ্যাস সংযোগ থাকলেও, এই প্রকল্পের আর্থিক সুবিধা পরিবার প্রতি শুধুমাত্র একটি গ্যাস সংযোগের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। ২০২২ সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দেওয়া প্রতিশ্রুতি রক্ষার্থেই রাজ্য সরকারের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ।