আয়ুষ্মান কার্ড হয়নি? ৫ লক্ষ টাকার বিনামূল্যে চিকিৎসা সরকারি যোজনায়, জানুন আবেদনের উপায়!

কেন্দ্রীয় আয়ুষ্মান ভারত প্রকল্পের নানা শর্ত বা ক্রাইটেরিয়া পূরণ করতে না পেরে অনেকেই কার্ড বানাতে পারেননি। এই সমস্যায় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে বিকল্প রাস্তা বাতলে দিয়েছে রাজ্য সরকার। আয়ুষ্মান ভারতের মতোই বিনামূল্যে ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা মিলবে ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা’ বা MMSBY-তে। তবে এই প্রকল্পে আবেদন পদ্ধতি নিয়ে অনেকের মনেই নানা প্রশ্ন ও বিভ্রান্তি রয়েছে। সেই ধোঁয়াশা কাটাতেই এবার সামনে এল স্পষ্ট নির্দেশিকা।
কীভাবে মিলবে এই প্রকল্পের সুবিধা?
রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, কারও কাছে স্বাস্থ্যসাথী কিংবা আয়ুষ্মান কার্ড না থাকলেও চিকিৎসার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। হাসপাতালে ভর্তি হওয়ার পর টিএমএস (TMS) পোর্টালে রোগীর পরিচয় সংক্রান্ত তথ্য বা আধার নম্বর এন্ট্রি করলেই কর্মীরা বুঝতে পারবেন ওই ব্যক্তি কোনো স্বাস্থ্যবিমার আওতায় আছেন কি না।
যদি দেখা যায় রোগীর নাম স্বাস্থ্যসাথী বা আয়ুষ্মান প্রকল্পে নেই, তখন খতিয়ে দেখা হবে তিনি মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার যোগ্য কি না। যোগ্য বিবেচিত হলে সঙ্গে সঙ্গে হাসপাতাল থেকেই ওই যোজনার আবেদনপত্র রোগীর হাতে তুলে দেওয়া হবে। এরপর রোগী নিজে কিংবা তাঁর পরিবারের কোনো সদস্য ওই ফর্ম পূরণ করে জমা দিলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে।
আবেদনের পরবর্তী ধাপ
হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, ফর্ম পূরণ করার পর টিএমএস পোর্টালে ‘প্রসিড টু স্বাস্থ্যসাথী ট্রিটমেন্ট অপশন’ দেখতে পাওয়া যাবে। স্বাস্থ্য দফতরের নির্দেশিকা অনুযায়ী, আপাতত ওই অপশনে ক্লিক করেই চিকিৎসার পরবর্তী প্রক্রিয়া এগোতে হবে। পাশাপাশি হাসপাতালগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, পূরণ করা সমস্ত ফর্ম সযত্নে সংগ্রহ করে রাখতে, যাতে পরবর্তীতে সেই ডেটা পোর্টালে সঠিকভাবে নথিভুক্ত করা যায়। এর পাশাপাশি সংশ্লিষ্ট রোগীর ই-কেওয়াইসি (e-KYC) রেজিস্ট্রেশন প্রক্রিয়াও সম্পন্ন করতে হবে। ফলে কার্ড না থাকলেও এখন থেকে আর হাসপাতালে গিয়ে চিকিৎসাবঞ্চিত হওয়ার কোনো আশঙ্কা থাকছে না।