হঠাৎ বড় লাফ টাকার! ডলারের বিপরীতে দু’মাসের সর্বোচ্চ স্তরে পৌঁছাল ভারতীয় মুদ্রা!

টানা ঊর্ধ্বমুখী ধারায় রয়েছে ভারতীয় মুদ্রা। বৃহস্পতিবার ডলারের তুলনায় ৪৭ পয়সা শক্তিশালী হয়ে ভারতীয় টাকা পৌঁছে গেছে ৯৪.২৬-এর কোঠায়, যা গত দু’মাসের মধ্যে সর্বোচ্চ স্তর। এর আগে বুধবার বাজার বন্ধের সময় প্রতি ডলারের বিনিময় মূল্য ছিল ৯৪.৯৭ টাকা। মূলত বিদেশি মুদ্রার (Foreign Currency) জোগানে আশাতীত বৃদ্ধি এবং আন্তর্জাতিক মুদ্রা বাজারে মার্কিন ডলারের লাগাতার দুর্বলতাই টাকার এই চাঙ্গা হওয়ার প্রধান চালিকাশক্তি বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। রিজার্ভ ব্যাঙ্কের (RBI) সাম্প্রতিক তথ্য অনুযায়ী, বিশেষ কেন্দ্রীয় প্রকল্পগুলির মাধ্যমে ভারত মোট ১৩৬.৩৮ বিলিয়ন ডলারের বিদেশি মুদ্রা সংগ্রহ করতে সক্ষম হয়েছে। যার সিংহভাগ অংশ এসেছে অনাবাসী ভারতীয়দের বিদেশি মুদ্রাভিত্তিক আমানত বা এফসিএনআর (FCNR) ডিপোজিট থেকে। পাশাপাশি, বহির্বাণিজ্যিক ঋণ এবং অন্যান্য বৈদেশিক মুদ্রাভিত্তিক ঋণ বাফারিংয়ের মাধ্যমেও উল্লেখযোগ্য পরিমাণে বৈদেশিক তহবিল দেশে এসেছে। বাজারের প্রাথমিক ধারণাকে ছাপিয়ে এই বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আসায় দেশীয় মুদ্রার দর স্থিতিশীল রাখতে আরবিআইয়ের হাত আরও শক্ত হয়েছে।অভ্যন্তরীণ অর্থনৈতিক পরিস্থিতির পাশাপাশি বৈশ্বিক প্রেক্ষাপটও টাকার পক্ষে কাজ করছে। আন্তর্জাতিক বাজারে এশিয়ার অন্যান্য মুদ্রাগুলির চালচিত্র বেশ ইতিবাচক। একই সময়ে শক্তিশালী মার্কিন ডলার সূচক বা ডলার ইনডেক্স (Dollar Index) ৯৯.৫০-এর নিচে নেমে এসেছে। অন্যদিকে, জাপানি ইয়েনের ঘুরে দাঁড়ানোও ডলারের উপর বাড়তি চাপ তৈরি করেছে।বর্তমানে বিনিয়োগকারী ও কারবারিদের নজর আমেরিকার আসন্ন অর্থনৈতিক ডেটা এবং ফেডারেল রিজার্ভের সুদের হার সংক্রান্ত সিদ্ধান্তের দিকে। চলতি মাসেই সুদের হার ২৫ বেসিস পয়েন্ট কমার সম্ভাবনা জোরদার হওয়ায় বাজারে এর ইতিবাচক প্রভাব পড়েছে। বিশেষজ্ঞদের মতে, শক্তিশালী বৈদেশিক মুদ্রার জোগান এবং কেন্দ্রীয় ব্যাঙ্কের সক্রিয় হস্তক্ষেপে টাকার এই ইতিবাচক ধারা আগামী দিনেও বজায় থাকতে পারে।