‘সাই বাবা’ খ্যাত প্রবীণ অভিনেতা সুধীর দলভির পাশে কোন কোন বলি সুপারস্টার? জানলে চোখ কপালে উঠবে!

‘শিরডি কে সাই বাবা’ (Shirdi Ke Sai Baba)-তে অমর অভিনয় করে যিনি কোটি কোটি মানুষের মন জয় করেছিলেন, সেই প্রবীণ অভিনেতা সুধীর দলভি (Sudhir Dalvi) বর্তমানে এক কঠিন লড়াই লড়ছেন। গত বছরের অক্টোবর মাসে সেপসিসজনিত প্রাণঘাতী জটিলতার কারণে তাঁকে অত্যন্ত সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। দীর্ঘ চিকিৎসায় পাহাড়প্রমাণ হাসপাতালের বিল এবং প্রতিদিন বাড়তে থাকা খরচ সামলাতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হয়েছিল অভিনেতার পরিবারকে। তবে এই দুর্দিনে বলিউডের একাধিক প্রথম সারির তারকা এবং অগণিত ভক্তরা যেভাবে দেবতার মতো ত্রাতা হয়ে পাশে দাঁড়িয়েছেন, তা এককথায় নজিরবিহীন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতার স্ত্রী সুহাস দলভি তাঁর স্বামীর শারীরিক অবস্থা এবং সেই কঠিন দিনের অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। তিনি জানান, সুধীর দলভি এখন বাড়িতে ফিরেছেন। যদিও তাঁকে হাঁটার জন্য এখনও ‘ওয়াকার’ ব্যবহার করতে হয় এবং তাঁর মানসিক অবস্থা কিছুটা অসংলগ্ন, তবুও নিজের চেনা ছন্দে ঘরে ফিরতে পেরে তিনি অনেকটাই খুশি। হাসপাতালের ব্যয়বহুল এবং ভয়ংকর পরিবেশের চেয়ে ঘরের পরিবেশ অনেক বেশি স্বস্তিদায়ক বলে জানান তিনি।

সবচেয়ে মর্মান্তিক বিষয় ছিল হাসপাতালের বিশাল অঙ্কের বিল মেটানো। সেই খবর যখন চারদিকে ছড়িয়ে পড়ে, তখন সাহায্যের হাত বাড়িয়ে দেন বলিউডের একধিক তারকা। সুহাস দেবী কৃতজ্ঞতার সঙ্গে জানান, সবার নাম একসঙ্গে মনে না থাকলেও কার্তিক আরিয়ান, রণবীর কাপুর এবং অক্ষয় কুমার সবার আগে সাহায্যের জন্য এগিয়ে এসেছিলেন। শুধু বলিউড তারকারাই নন, ইন্ডাস্ট্রির বাইরের বহু মানুষ এবং সুধীর বাবুর অগণিত সাই-ভক্তরাও নিঃশব্দে আর্থিক সহায়তা পাঠিয়েছিলেন। তাঁর কথায়, “কে বলে আমরা অনুভূতিহীন জাতি? আমার স্বামীর অসুস্থতার সময় মানুষ যে অকৃত্রিম ভালোবাসা ও উদারতা দেখিয়েছে, তা আমাদের অভিভূত করেছে।”

পরিবার সূত্রে জানা গেছে, বিগত বছর অক্টোবরে লীলাবতী হাসপাতালে ভর্তির পর সেপসিসের সংক্রমণে সুধীর দলভির অস্থিসন্ধি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং অঙ্গ-প্রত্যঙ্গ নাড়ানোর ক্ষমতাও কমে গিয়েছিল। দীর্ঘ সময় তাঁকে আইসিইউ-তে (ICU)-তে কাটাতে হয়। চিকিৎসার পেছনে ইতিমধ্যেই প্রায় ১০ লক্ষ টাকা খরচ হয়ে গেছে এবং খরচ ১৫ লক্ষ ছাড়ানোর আশঙ্কা ছিল। এই চরম সংকটে ‘শ্রী সাইবাবা সংস্থান ট্রাস্ট’ অভিনেতার চিকিৎসার্থে ১১ লক্ষ টাকা অনুদান প্রদান করে। তবে এতকিছুর মধ্যেও পরিবারের মানবিক মুখ চোখে পড়েছে। চলচ্চিত্র সমিতি থেকে প্রতি মাসে যে আর্থিক সাহায্য আসত, সুহাস দেবী তা নিতে অস্বীকার করেন এবং অনুরোধ জানান সেই টাকা যেন অন্য কোনো অসহায় ব্যক্তির চিকিৎসার জন্য ব্যবহার করা হয়।

উল্লেখ্য, তিন দশকেরও বেশি সময় ধরে ভারতীয় বিনোদন জগতে অসামান্য অবদান রেখেছেন সুধীর দলভি। রামানন্দ সাগরের কালজয়ী ‘রামায়ণ’ সিরিয়ালে গুরু বশিষ্ঠের চরিত্রে অভিনয় করে তিনি প্রথম ঘরে ঘরে পরিচিতি পান। এরপর ১৯৭৭ সালের ‘শিরডি কে সাই বাবা’ ছবিতে তাঁর অবিস্মরণীয় অভিনয় তাঁকে খ্যাতির শিখরে পৌঁছে দেয়। পাশাপাশি ‘সত্যমেব জয়তে’, ‘খুদগর্জ’, ‘খলনায়ক’-এর মতো হিট ছবি এবং ‘চাণক্য’, ‘বুনিয়াদ’, ‘কিঁউ কি সাস ভি কভি বহু থি’-র মতো জনপ্রিয় টিভি শোয়ে তাঁর অভিনয় আজও দর্শকের মনে দাগ কেটে আছে। বর্তমানে কিংবদন্তি এই অভিনেতার দ্রুত সুস্থতার জন্যই প্রার্থনা করছেন তাঁর কোটি কোটি গুণমুগ্ধরা।