হরমুজ প্রণালী নিয়ে চরম উদ্বেগ! পেজেশকিয়ানের মুখোমুখি মোদী, কিসের ইঙ্গিত?

সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিও (SCO) সম্মেলনের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে এক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিম এশিয়ায় সংঘাত চরম আকার ধারণ করার পর এই প্রথম মুখোমুখি বৈঠকে বসলেন দুই দেশের শীর্ষ নেতৃত্ব। আন্তর্জাতিক রাজনীতিতে তেল ও গ্যাসের জোগান এবং আঞ্চলিক নিরাপত্তার প্রেক্ষাপটে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা।
উচ্চপর্যায়ের এই বৈঠকে মূলত আঞ্চলিক নিরাপত্তা, চলমান সংঘাতগুলির কূটনৈতিক সমাধান, জ্বালানি নিরাপত্তা এবং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে তৈরি হওয়া পরিবহণ সমস্যাগুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। উপসাগরীয় দেশগুলি থেকে ভারতের তেল ও এলএনজি (LNG) আমদানির ক্ষেত্রে সম্ভাব্য ঝুঁকি এবং সংকট মোকাবিলার বিষয়টিও বৈঠকে বিশেষ গুরুত্ব পেয়েছে। এছাড়া, সংঘাতপূর্ণ এলাকার মধ্যে দিয়ে যাতায়াতকারী ভারতীয় নাবিকদের সুরক্ষা এবং চাবাহার বন্দরে ভারতের কৌশলগত বিনিয়োগ নিয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে।
আঞ্চলিক উত্তেজনা নিরসনে সবসময় আলোচনার মাধ্যমেই শান্তি ফিরিয়ে আনার পক্ষে সওয়াল করে এসেছে ভারত। এদিনের বৈঠকে সেই দীর্ঘস্থায়ী অবস্থানই ফের পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী মোদী। পাশাপাশি, বিভিন্ন সংকটের সময়ে ভারতীয় নাগরিকদের সুরক্ষায় ইরানি প্রশাসনের সহযোগিতার কথাও স্বীকার করা হয়েছে। এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, দুই নেতা বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন এবং দীর্ঘস্থায়ী শান্তি নিশ্চিত করার প্রচেষ্টাকে ভারত সবসময় সমর্থন করবে বলে তিনি আশ্বাস দিয়েছেন। এছাড়া আগামী দিনে ইরানের সঙ্গে বাণিজ্যের পরিধি বাড়ানো এবং বাণিজ্যিক পণ্যের তালিকায় বৈচিত্র আনার ইচ্ছার কথাও তুলে ধরেছেন তিনি।
ইরানি সংবাদ সংস্থা তাসনিম সূত্রে জানা গিয়েছে, বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি অভিন্ন স্বার্থের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও বিস্তৃত করার বিষয়ে একমত হয়েছেন দুই নেতা। বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহের ক্ষেত্রে হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ জলপথ নিয়ে দীর্ঘমেয়াদি সংকট তৈরি হলে তা ভারতের জ্বালানি নিরাপত্তাকেও প্রভাবিত করতে পারে। এই বহুমুখী উদ্বেগের আবহেই মঙ্গলবার অনুষ্ঠিত হতে চলা ২৬তম এসসিও শীর্ষ সম্মেলনের আগে দুই নেতার এই বৈঠক বিশেষ কূটনৈতিক বার্তা বহন করছে।