অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই সরাসরি দেখা করুন DM-SDO-BDO-র সঙ্গে! কড়া নির্দেশিকা রাজ্যের

সাধারণ মানুষের অভাব-অভিযোগ সরাসরি শুনতে এবার আরও কড়া পদক্ষেপ করল রাজ্য সরকার। প্রশাসনিক স্তরের একেবারে নিচুতলা থেকে শুরু করে জেলাস্তর পর্যন্ত সমস্ত আধিকারিকদের জন্য সাধারণ মানুষের সঙ্গে দেখা করা বাধ্যতামূলক করা হয়েছে। এ বিষয়ে নবান্নের তরফে একটি নতুন নির্দেশিকা জারি করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে নির্দিষ্ট সময়ে আধিকারিকদের নিজেদের দফতরে উপস্থিত থেকে আম আদমির কথা শুনতে হবে এবং সমস্যার সমাধান করতে হবে।
নতুন নির্দেশিকা অনুযায়ী, প্রতি সপ্তাহের মঙ্গলবার এবং বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সংশ্লিষ্ট আধিকারিকদের নিজেদের দফতরে বাধ্যতামূলকভাবে উপস্থিত থাকতে হবে। এই নির্দিষ্ট সময়সীমার মধ্যে সাধারণ মানুষ আগে থেকে কোনও ধরনের অনুমতি বা অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই সরাসরি দফতরে গিয়ে নিজেদের অভিযোগ জানাতে পারবেন। রাজ্য সরকারের বিভিন্ন পরিষেবা, জমি, রাস্তা, শংসাপত্র, পেনশন কিংবা পুলিশ সংক্রান্ত নানা বিষয়ে সাধারণ মানুষ এই সুযোগ পাবেন।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, অনেক সাধারণ মানুষই ডিজিটাল মাধ্যমে বা অনলাইনে অভিযোগ জানাতে পারেন না। তাঁদের সুবিধার কথা মাথায় রেখেই সরাসরি অফিসে গিয়ে অভিযোগ জানানোর এই বিশেষ ব্যবস্থা চালু করা হয়েছে। নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে যে জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, মহকুমাশাসক (SDO), বিডিও (BDO), থানার আইসি, পুলিশ আধিকারিক থেকে শুরু করে মহকুমা ও ব্লক স্তরের সমস্ত আধিকারিকদের এই নিয়ম মানতে হবে।
পাশাপাশি, সংশ্লিষ্ট আধিকারিকদের যোগাযোগের মাধ্যম যেমন ইমেল ও মোবাইল নম্বর অফিসের বাইরে স্পষ্টভাবে প্রদর্শন করতে হবে এবং দফতরের অফিশিয়াল ওয়েবসাইটেও তা প্রকাশ করতে হবে। ‘আপনার সরকার আপনার পাশে’ (ASAP) পোর্টালের মাধ্যমে এই বৈঠকে প্রাপ্ত সমস্ত অভিযোগ এবং তার বিরুদ্ধে গৃহীত পদক্ষেপের বিস্তারিত তথ্য নথিভুক্ত ও পর্যালোচনা করা হবে। রাজ্যের সমস্ত দফতর, জেলাশাসক এবং পুলিশ কমিশনারদের অবিলম্বে এই নির্দেশিকা প্রচার ও কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। পুরো বিষয়টি নিয়মিত পর্যালোচনা করবে রাজ্যের কর্মী ও প্রশাসনিক সংস্কার দফতর।