সোজা থানায় হাজিরার নির্দেশ! বিলবোর্ড বিতর্কে এবার বড় বিপাকে টিএমসি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়

তৃনমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনি জটিলতা ক্রমশ বেড়েই চলেছে। দলীয় প্রতীক সম্বলিত একটি বিতর্কিত বিলবোর্ড অপসারণকে কেন্দ্র করে পুলিশ ও তৃণমূল কর্মীদের মধ্যে ঘটে যাওয়া ধস্তাধস্তির ঘটনায় এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরাসরি তলব করল কলকাতা পুলিশ। গত শনিবার গভীর রাতে তাঁর বাসভবনে এই নোটিশ পৌঁছে দেওয়া হয়। আগামী মঙ্গলবার বিকেলে তাঁকে শেক্সপিয়র সরণি থানায় হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

পিটিআই-এর প্রতিবেদন অনুযায়ী, ক্যামাক স্ট্রিটের একটি ভবনে অননুমোদিত বিলবোর্ড সরাতে গেলে পুলিশ ও কলকাতা পৌরসংস্থার আধিকারিকদের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ের ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী ও দলীয় কর্মীদের তীব্র হাতাহাতি বাধে। এই ঘটনায় পুলিশ ইতিমধ্যেই তিনটি এফআইআর দায়ের করেছে, যার মধ্যে দুটিতে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে। এছাড়া ডেরেক ও’ব্রায়েন এবং প্রাক্তন বিধায়ক হুমায়ুন কবিরের মতো হেভিওয়েট নেতাদের নামও এই তালিকায় যুক্ত হয়েছে। এই উত্তপ্ত পরিস্থিতিতে রবিবার ডেরেক ও’ব্রায়েনকেও নোটিশ পাঠানো হয়েছে এবং এই মামলায় এখনও পর্যন্ত মোট ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

যদিও পুলিশ এবং প্রশাসনের সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। তাঁর দাবি, ঘটনাস্থলে নিরাপত্তাকর্মীরা কেবল নিজেদের দায়িত্ব পালন করছিলেন এবং পুলিশের করা সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তবে মঙ্গলবার নির্ধারিত দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজিরা দেন কি না এবং এই বিতর্ক রাজনৈতিক মহলে ঠিক কতটা জলড়ায়, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা রাজ্য।