রাখির ছবি দিতেই ফাঁস আসল সত্যি! এনগেজমেন্ট সারলেন কি টলিপাড়ার ‘রানিমা’?

টলিপাড়ার জনপ্রিয় মুখ দিতিপ্রিয়া রায়কে নিয়ে ফের শুরু হয়েছে জোর চর্চা। শিশুশিল্পী হিসেবে কেরিয়ার শুরু করলেও ‘রানি রাসমণি’ ধারাবাহিকের সুবাদে ঘরে ঘরে পরিচিতি পান তিনি। অভিনয় এবং পড়াশোনা একসঙ্গে সামলানোর পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবনকেও বরাবর আড়ালে রাখতেই পছন্দ করেন এই অভিনেত্রী। তবে সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করা তাঁর একটি ছবি ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

ভাইকে রাখি পরানোর একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন দিতিপ্রিয়া। সেই ছবিতে তাঁর হাতের আঙুলগুলো ক্যামেরার সামনে স্পষ্ট হয়ে ওঠে। আর তাতেই নজর কাড়ে অভিনেত্রীর বাঁ হাতের অনামিকা আঙুলে থাকা একটি বিশেষ আংটি। সাধারণত এই আঙুলেই বাগদানের আংটি পরার চল রয়েছে। ফলে ছবিটি প্রকাশ্যে আসতেই নেটিজেনদের মনে প্রশ্ন জাগে, তবে কি সকলের অগোচরেই বাগদান পর্ব সেরে ফেললেন পর্দার রাসমণি?

যদিও খোঁজ নিয়ে জানা গেছে, ওই নির্দিষ্ট আংটিটি অনেক দিন ধরেই নিয়মিত পরে থাকেন অভিনেত্রী। ব্যক্তিগত জীবন নিয়ে মুখে কুলুপ আঁটলেও দিতিপ্রিয়ার প্রেমের কথা ইন্ডাস্ট্রির অন্দরে ওপেন সিক্রেট। গত বছর দোলের দিনই নিজের প্রেমিকের ঝাপসা ছবি শেয়ার করে অনুরাগীদের চমকে দিয়েছিলেন তিনি। খোঁজ নিয়ে জানা যায়, চেন্নাইয়িন এফসি দলের গোলকিপার শমীক মিত্রের সঙ্গে সম্পর্কে রয়েছেন দিতিপ্রিয়া। জলপাইগুড়ির এই ফুটবলার বর্তমানে কর্মসূত্রে দক্ষিণ ভারতে থাকলেও দূরত্বের মাঝেও চুটিয়ে প্রেম করছেন এই জুটি।

এদিকে ব্যক্তিগত জীবনের এই চর্চার মাঝেই ফের ছোটপর্দায় কামব্যাক করতে চলেছেন অভিনেত্রী। সান বাংলার আসন্ন মহালয়ার বিশেষ অনুষ্ঠানে মহিষাসুরমর্দিনী রূপে দেখা যাবে তাঁকে। ইতিমধ্যে দেবীরূপে তাঁর ফার্স্ট লুকও প্রকাশ্যে এসেছে, যা নিয়ে ভক্তদের মধ্যে উন্মাদনা এখন তুঙ্গে।