সোমবারেই থানায় তলব! অভিষেকের বিরুদ্ধে FIR হতেই চরম শোরগোল

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনি জটিলতা ও রাজনৈতিক অস্বস্তি যেন বেড়েই চলেছে। গত বৃহস্পতিবার কলকাতার ক্যামাক স্ট্রিটে অভিষেকের দলীয় দফতর থেকে বিলবোর্ড বা সাইনবোর্ড খোলার ঘটনাকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড বেধেছিল। সেই ঘটনায় এবার সরাসরি কলকাতা পুলিশের নোটিস পেলেন ডায়মন্ড হারবারের সাংসদ। শনিবার গভীর রাতে খোদ পুলিশ আধিকারিকরা তাঁর বাড়ি গিয়ে এই নোটিস পৌঁছে দেন। প্রাথমিকভাবে মঙ্গলবার হাজিরা দেওয়ার কথা থাকলেও, পরে সংশোধিত নির্দেশিকায় আগামী সোমবারই তাঁকে শেক্সপিয়র সরণি থানায় হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার বিকেলে ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে হানা দেয় কলকাতা পুরসভার আধিকারিক ও পুলিশ বাহিনী। অভিযোগ ছিল, ওই বিল্ডিংয়ের গায়ে থাকা বিলবোর্ডটি সম্পূর্ণ ‘বেআইনি’। সেই বিলবোর্ড খুলতে গেলে অফিসের নিরাপত্তারক্ষীদের সঙ্গে পুলিশের তীব্র ধস্তাধস্তি ও হাতাহাতি বেঁধে যায়। এমনকি কর্তব্যরত এক পুলিশকর্মীকে মারধর করার গুরুতর অভিযোগও ওঠে। রাস্তার দিকে মুখ করে ওপর তলার ওই লোহার কাঠামোয় লাগানো বিলবোর্ডটিতে তৃণমূল কংগ্রেসের প্রতীক ও নাম খোদাই করা ছিল। তীব্র উত্তেজনার মধ্যেই পরে পুলিশ জোর করে বিল্ডিংয়ের ভেতরে ঢুকে পড়ে এবং পুরকর্মীদের দিয়ে ওই বিতর্কিত বিলবোর্ডটি নামিয়ে নেয়।

এই সংঘর্ষের জেরে ইতিমধ্যেই মোট তিনটি এফআইআর (FIR) দায়ের করেছে পুলিশ। যার মধ্যে অন্তত দুটি মামলায় সরাসরি নাম রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এছাড়া এই ঘটনায় তৃণমূল নেতা ডেরেক ও’ব্রায়েন এবং প্রাক্তন বিধায়ক হুমায়ুন কবীর-সহ দলের আরও কয়েকজন নেতার নামও এফআইআরে যুক্ত করা হয়েছে। জানা গিয়েছে, রবিবার ডেরেক ও’ব্রায়েনকেও জিজ্ঞাসাবাদের জন্য নোটিস পাঠানো হয়েছে।

পুলিশের এই কঠোর পদক্ষেপের পর এখনও পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। অতীতে আদালতের তরফে তাঁর বেশ কিছু মামলায় রক্ষাকবচ দেওয়া হলেও, নতুন করে এই পুলিশি তলব ও এফআইআরের জেরে যে ডায়মন্ড হারবারের সাংসদের রাজনৈতিক চাপানউতোর অনেকটাই বাড়ল, তা বলাই বাহুল্য।