টাটা মোটর্স-এ বড় বদল! রাতারাতি নাম বদলে কী নাম হলো দেশের এই জনপ্রিয় গাড়ি প্রস্তুতকারক সংস্থার?

গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ব্র্যান্ড পরিচয় নিয়ে এল টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকলস লিমিটেড (TMPV)। যুগের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের ব্র্যান্ড নেমে বড় বদল আনল দেশের অন্যতম শীর্ষস্থানীয় এই গাড়ি প্রস্তুতকারক সংস্থা। এখন থেকে গ্রাহকরা এই সংস্থাকে ‘TATA.CARS’ হিসেবে জানতে পারবেন। শোরুম, ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, বিভিন্ন বিজ্ঞাপন এবং সার্ভিস সেন্টার—সব জায়গাতেই ধীরে ধীরে পুরনো নামের বদলে এই নতুন ব্র্যান্ডিং চালু করা হচ্ছে।

তবে এই নাম পরিবর্তন নিয়ে বিভ্রান্তির কোনো অবকাশ নেই। স্পষ্ট করে জানানো হয়েছে যে, টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকলস বা TMPV সংস্থা হিসেবে কোনোভাবেই বন্ধ হচ্ছে না। শুধুমাত্র গ্রাহকদের সামনে ব্র্যান্ড পরিচয়ের ক্ষেত্রে এই পরিবর্তন আনা হয়েছে। তবে আইনি, নিয়ন্ত্রক এবং বিনিয়োগ সংক্রান্ত সমস্ত দাপ্তরিক কাজের ক্ষেত্রে পূর্বের TMPV নামটিই ব্যবহার করা হবে।

গ্রাহকদের অভিজ্ঞতা আরও মসৃণ ও আধুনিক করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। গাড়ি সম্পর্কে খোঁজ নেওয়া থেকে শুরু করে ক্রয় এবং পরবর্তী সার্ভিসিং—পুরো প্রক্রিয়ায় গ্রাহকরা যাতে একটি অভিন্ন ব্র্যান্ড পরিচয় পান, সেদিকেই নজর দিচ্ছে টাটা। তবে ব্র্যান্ড নেম বদলালেও নেক্সন, পাঞ্চ, হ্যারিয়ার, সাফারি বা কার্ভভ-এর মতো জনপ্রিয় গাড়িগুলির নামে কোনো পরিবর্তন হচ্ছে না। পাশাপাশি, গাড়িতে থাকা পরিচিত টাটার লোগোটিও অপরিবর্তিত থাকছে।

নাম বদলের পাশাপাশি ব্র্যান্ডের ভিজ্যুয়াল আইডেন্টিটিতেও এসেছে বড় পরিবর্তন। নতুন এই ব্র্যান্ড পরিচয়ে যুক্ত হয়েছে ‘Ambition Blue’ নামক আধুনিক নীল রঙ এবং ‘Parallel Display’ নামের নতুন টাইপফেস। মূলত টাটার ‘T’ অক্ষর এবং রাস্তার লেনের আকৃতির ভাবনার ওপর ভিত্তি করেই ‘Parallel Pathways’ থিমে এই সম্পূর্ণ নতুন ডিজাইন তৈরি করা হয়েছে।