১৬০ কোটি টাকার অভিযোগ, অথচ ফ্রিজ ৮০০ কোটিরও বেশি! আদালতের রায়ে বড় ধাক্কা খেল তৃণমূল!

তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার মামলায় এখনই নতুন করে কোনো অন্তর্বর্তী নির্দেশ দেওয়ার প্রয়োজন নেই বলে স্পষ্ট জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। পুলিশের ফ্রিজ করা অ্যাকাউন্ট সচল করার আর্জি নিয়ে আদালতে গিয়েছিল শাসকদল। কিন্তু বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়েছেন, এই সংক্রান্ত সমস্ত মামলার একসঙ্গে শুনানি হবে এবং তার জন্য সব পক্ষকে পাঁচ সপ্তাহের মধ্যে হলফনামা জমা দিতে হবে।

শুনানি চলাকালীন তৃণমূলের পক্ষে সওয়াল করেন বিশিষ্ট আইনজীবী মানেকা গুরুস্বামী। তিনি আদালতে জানান, দলের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি ফ্রিজ করে দেওয়ার ফলে প্রতিদিনের খরচ চালানো অসম্ভব হয়ে পড়েছে। কর্মচারীদের বেতন দেওয়া এবং মিটিং-মিছিল আয়োজন করার মতো জরুরি কাজ ব্যাহত হচ্ছে। তাঁর কড়া প্রশ্ন ছিল, যদি ১৬০ কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগ ওঠে, তবে তার বিপরীতে কেন আটশো কোটিরও বেশি টাকা ফ্রিজ করে দেওয়া হলো?

অন্যদিকে, রাজ্যের অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার পালটা সওয়ালে জানান, ইডি যে অ্যাকাউন্টগুলি ফ্রিজ করেছে, সেখানে বিপুল পরিমাণে বেআইনি লেনদেনের স্পষ্ট প্রমাণ মিলেছে। উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই এই সংক্রান্ত সমস্ত মামলার যৌথ শুনানি হবে। পুজোর ছুটির দু’সপ্তাহ পরে এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। ফলে এখনই অতিরিক্ত অ্যাকাউন্ট ব্যবহারের অনুমতি মিলছে না।