মেডেসন স্কোয়ারে মোহন ভাগবতের অনুষ্ঠান ঘিরে উত্তপ্ত নিউ ইয়র্ক! কেন তীব্র বিরোধিতার মুখে আরএসএস প্রধান?

নিউ ইয়র্কের বুকে রাজনৈতিক পারদ চড়ছে তুঙ্গে। ম্যাডিসন স্কোয়ার গার্ডেনের ইনফোসিস থিয়েটারে আয়োজিত হতে চলা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসংঘচালক মোহন ভাগবতের অনুষ্ঠানকে কেন্দ্র করে মার্কিন মুলুকে শুরু হয়েছে তীব্র বিতর্ক। তবে সমস্ত জল্পনা ও বিরোধিতাকে পাশ কাটিয়ে সংঘের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, এই অনুষ্ঠানটি কোনো রাজনৈতিক সভা নয়, বরং সম্পূর্ণ উন্মুক্ত আলোচনার মনোভাব নিয়ে আয়োজিত একটি সর্বজনীন মিলনমেলা। সংঘের দাবি, এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভারতীয় মূল্যবোধের প্রচার।
বুধবার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতি জারি করে জানানো হয় যে, নিউ ইয়র্কের এই বিশেষ কর্মসূচিতে বিচিত্র পটভূমি, সংস্কৃতি এবং ধর্মের মানুষের সঙ্গে মতবিনিময় করবেন মোহন ভাগবত। সঙ্ঘের জাতীয় প্রচার বিভাগের প্রধান সুনীল আম্বেকর এই প্রসঙ্গে জানান, “নিউ ইয়র্কের ‘ইউনিভার্সাল ওয়াননেস সেলিব্রেশন’ হলো বিভিন্ন ধর্মের মানুষের এক অপূর্ব মিলনক্ষেত্র।” তিনি আরও যোগ করেন যে, সংঘের দৃষ্টিভঙ্গি, দর্শন এবং কার্যপদ্ধতি সম্পর্কে আরও বিস্তারিত জানতে আগ্রহী যে কাউকেই এই উন্মুক্ত আলোচনা সভায় অংশ নেওয়ার জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হচ্ছে। এই উদ্যোগটিকে ভারত ও বিশ্বজুড়ে বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গে দীর্ঘদিনের সম্পৃক্ততা ও পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধির একটি নিরন্তর প্রয়াস হিসেবে উল্লেখ করেছে সংঘ।
উল্লেখ্য, নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি এই অনুষ্ঠানে মোহন ভাগবতের অংশগ্রহণ নিয়ে তীব্র সমালোচনা ও অসন্তোষ প্রকাশ করেছিলেন। পাশাপাশি, ‘হিন্দুস ফর হিউম্যান রাইটস’, ‘ইন্ডিয়ান আমেরিকান মুসলিম কাউন্সিল’ এবং ‘ইন্টারফেইথ সেন্টার অফ নিউ ইয়র্ক’-এর মতো একাধিক নাগরিক অধিকার ও আন্তঃধর্মীয় সংগঠনও ম্যাডিসন স্কোয়ার গার্ডেনের এই অনুষ্ঠানে আরএসএস প্রধানের উপস্থিতির তীব্র বিরোধিতা করেছে। মেয়র মামদানি জানিয়েছিলেন যে, তিনি ব্যক্তিগতভাবে এই অনুষ্ঠানকে সমর্থন করেন না, যদিও এই ব্যক্তিগত আয়োজনটি বাতিল করার মতো কোনো নির্দিষ্ট আইনি এখতিয়ার তাঁর প্রশাসনের নেই।
অন্যদিকে, এই বিরোধিতার পাল্টা জবাব দিয়েছেন বিশিষ্ট মার্কিন গায়িকা মেরি মিলবেন। মঙ্গলবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ এক পোস্টে তিনি মেয়র মামদানির কঠোর সমালোচনা করে বলেন যে, কিছু উগ্রপন্থী ও সমাজতান্ত্রিক মতাদর্শে বিশ্বাসী ব্যক্তিরা মোদি ও বিজেপি বিরোধিতার জেদ থেকেই মোহন ভাগবতের এই অনুষ্ঠানের বিরোধিতা করে চলেছেন।
উল্লেখ্য, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষপূর্তি উপলক্ষ্যে বিশ্বব্যাপী যে ব্যাপক জনসংযোগ কর্মসূচি গ্রহণ করা হয়েছে, এটি তারই একটি অংশ। আগামী ২৯ অগস্ট নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ারে আয়োজিত এই মেগা সমাবেশে প্রায় পাঁচ হাজার প্রবাসী ভারতীয়ের উপস্থিত থাকার কথা রয়েছে, যেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মোহন ভাগবত। সমস্ত রাজনৈতিক বিরোধিতা ও সমালোচনার আবহেই এই অনুষ্ঠান ঘিরে প্রবাসী ভারতীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।