‘টক্সিক’ দেখতে হলে হলে ঢোকার আগে এই ভুলটা ভুলেও করবেন না! যশের কড়া হুঁশিয়ারিতে তোলপাড় নেটপাড়া

অভিনেতা যশ অভিনীত বহুল প্রতীক্ষিত প্যান-ইন্ডিয়া ছবি ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ নিয়ে দর্শকদের উন্মাদনা এখন তুঙ্গে। তবে ছবি মুক্তির আনন্দ ও উত্তেজনার মাঝেই প্রেক্ষাগৃহের গোপনীয়তা বজায় রাখতে এবং পাইরেসি রুখতে সরাসরি আসরে নামলেন খোদ ‘রকি ভাই’। হলের ভেতর থেকে গোপনে ছবি বা ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার প্রবণতা ঠেকাতে ভক্তদের উদ্দেশে এক বিশেষ ও কঠোর বার্তা দিয়েছেন তিনি।

নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ‘টিম টক্সিক’-এর একটি বার্তা শেয়ার করেছেন যশ। ভক্তদের উদ্দেশে লেখা সেই নোটে বলা হয়েছে, “‘টক্সিক’ আমাদের কাছে স্রেফ একটি সিনেমা নয়; এটি এমন একটি দুনিয়া, যা আমরা তিল তিল করে, ফ্রেম বাই ফ্রেম এবং দৃশ্য দিয়ে তৈরি করেছি। প্রতিটি টেকনিশিয়ান, শিল্পী এবং কলাকুশলী চেয়েছেন আপনারা যেন প্রেক্ষাগৃহে বসে একটি দুর্দান্ত অভিজ্ঞতা পান।”

দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অভিনেতা আরও অনুরোধ করেছেন, “একটিমাত্র অনুরোধ আপনাদের কাছে, সিনেমাটির ম্যাজিক যেভাবে উপভোগ করার কথা, সেভাবেই হতে দিন। হলের ভেতর থেকে ছবির কোনো দৃশ্য রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন না। গল্পের টুইস্ট বা কোনো স্পয়লার দিয়ে অন্য কারও দেখার আনন্দ মাটি করে দেবেন না।” একে অপরকে ছবিটির নিখাদ অভিজ্ঞতা নেওয়ার সুযোগ করে দেওয়ার আর্জি অত্যন্ত কড়ামিঠে ভাষায় জানিয়েছেন অভিনেতা-প্রযোজক। যশের এই আবেগঘন ও স্পষ্ট বার্তার পেছনে যেমন রয়েছে সিনেমার প্রতি ভালোবাসা, তেমনই রয়েছে ছবি চুরির বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও।