ফুটপাতে দুধ গরম করা নিয়ে বিতর্ক! মন্ত্রীর ধমকের পর সোজা মুখ্যমন্ত্রীর দরবারে সেই বৃদ্ধা, তারপর যা ঘটল!

ফুটপাতে দুধ গরম করার ঘটনাকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্ক এবং সংশ্লিষ্ট মন্ত্রীর ধমকের জেরে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছিল। এবার সেই বিতর্কের কেন্দ্রে থাকা বৃদ্ধা মহিলা মঙ্গলবার সোজাসুজি হাজির হলেন জনতার দরবারে। এদিন তিনি সরাসরি দেখা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে। তাঁর সঙ্গে দীর্ঘক্ষণ একান্ত কথা বলার পর মুখ্যমন্ত্রী সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে স্পষ্ট জানান যে, ওই বৃদ্ধা মহিলা কারও বিরুদ্ধে কোনো ধরনের সুনির্দিষ্ট অভিযোগ করেননি।
এদিনের বৈঠক প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘উনি কারও বিরুদ্ধে অভিযোগ করেননি। আমি স্পষ্ট জানিয়েছি, ফুটপাত সাধারণ মানুষের হাঁটার বা থাকার জায়গা নয়। বর্তমান বিজেপি সরকার সমাজের সর্বস্তরের মানুষের জন্য কাজ করছে এবং বিজেপি সবার। যারা বামপন্থী রাজনৈতিক মতাদর্শ থেকে নানা ধরনের কবিতা বা কটূক্তি লিখছেন, তাঁদের উদ্দেশে বলব, বিগত পঞ্চাশ বছর ধরে রাজ্যে কী হয়েছে, তার খোঁজ একটু নিয়ে দেখুন। গীতা দেবী আজ এখানে এসে পরিষ্কার জানিয়েছেন যে তিনি একমাত্র মুখ্যমন্ত্রীকেই ভরসা করেন এবং বিশ্বাস করেন যে বিজেপি সরকার সকলের কথা ভাবে।’’
পাশাপাশি, এই ঘটনার পরিপ্রেক্ষিতে পৌরসভা ও স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়েও মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন যে এই বিষয়ে স্মিতা পান্ডের সঙ্গে তাঁর কথা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। মুখ্যমন্ত্রী আরও যোগ করেন, ফুটপাত মানুষের থাকার বা স্থায়ীভাবে বসবাস করার জায়গা নয়, তাই সেখানে বেআইনিভাবে জবরদখল করে থাকা উচিত নয়। এই পুরো ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে নানা জল্পনার সৃষ্টি হয়েছে।