ফেসবুক লাইভেই কড়া জবাব, অন্নপূর্ণার চাল বিতর্কে মমতাকে নিশানা করে কী বললেন মুখ্যমন্ত্রী?

সোশ্যাল মিডিয়ায় করা মন্তব্যের পাল্টা এবার সরাসরি পরিসংখ্যান তুলে ধরে নিশানা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সম্প্রতি অন্নপূর্ণা যোজনা ও বিভিন্ন সরকারি জনকল্যাণমূলক প্রকল্প নিয়ে ফেসবুকে সরব হয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেলে নবান্নে একটি সাংবাদিক বৈঠকে সেই সমস্ত অভিযোগের বিন্দুবিসর্গ ধরে জবাব দিয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী।

এদিন প্রাক্তনীকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘ফেসবুকেই আপনি থাকুন বিকেল বেলা..।’’ এরপরই অন্নপূর্ণা যোজনা নিয়ে একাধিক পরিসংখ্যান তুলে ধরেন তিনি। তিনি জানান, এখনও পর্যন্ত এই যোজনার সুফল ১ কোটিরও বেশি মানুষ পেয়েছেন, যার মধ্যে প্রায় ১৯ লক্ষের বেশি সংখ্যালঘু উপভোক্তা রয়েছে। কোনো রকম বর্ণ বা ধর্মের ভেদাভেদ না রেখেই স্বচ্ছতার সঙ্গে এই প্রকল্প রূপায়ণ করা হচ্ছে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি।

পাশাপাশি, বাজার নিয়ন্ত্রণে এবং সাধারণ মানুষের যাতে কোনও রকম সমস্যা না হয়, তার জন্য রাজ্যজুড়ে বিশেষ পদক্ষেপের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আগামী ১ থেকে ৭ তারিখ পর্যন্ত ক্রেতা সুরক্ষা সপ্তাহ শুরু হতে চলেছে। রাইস মিল এবং মজুতদারদের ওপর কড়া নজরদারি চালাতে মহকুমা স্তরে এসডিও-দের নেতৃত্বে ৭২টি এবং ডিসি স্তরে ৩৫টি বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার কঠোর পদক্ষেপ করতে পিছপা হবে না বলেই সাফ জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।