আত্মহত্যার নেপথ্যে অন্য কারণ? অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে মৃত্যুর গুঞ্জনে সোজাসাপ্টা দিলীপ

রাজ্যে বিভিন্ন প্রান্তে সরকারি প্রকল্পের টাকা না পাওয়ার অভিযোগ এবং তা নিয়ে তৈরি হওয়া ক্ষোভ-বিক্ষোভের আবহে মালদার গাজোলে এক মহিলার আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক তরজা শুরু হয়েছে। এর মাঝেই গোটা বিষয়টিকে অন্য এক মাত্রা দিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন প্রবীণ বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁর মতে, রাজ্যে তুচ্ছ বা বিভিন্ন কারণে আত্মহত্যার প্রবণতা বেড়ে চলেছে, যা গভীরভাবে খতিয়ে দেখা প্রয়োজন।
শনিবার দুপুরে মালদার গাজোলের বাচাহার গ্রামে তিরিশের কোঠার অনীতা খাতুনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, আবেদন করেও অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ায় চরম অবসাদ থেকে এই পথ বেছে নেন ওই মহিলা। পরিবার সূত্রে জানানো হয়েছে, এর আগে তৃণমূল জমানায় লক্ষ্মীর ভাণ্ডার পেলেও এই প্রকল্পের টাকা না আসায় তারা হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন। এই মর্মান্তিক ঘটনা সামনে আসার পর থেকেই রাজনৈতিক মহলে চাপানউতোর শুরু হয়েছে।
রবিবার সকালে প্রাতর্ভ্রমণ সেরে খড়্গপুরের বোগদায় একটি চা চক্রে যোগ দেন দিলীপ ঘোষ। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, রাজ্যে সব কিছুতেই আত্মহত্যার ঘটনা ঘটছে। ভোটার তালিকায় নাম না থাকলেও মানুষ আত্মঘাতী হচ্ছেন, আবার কোথাও অন্য কারণেও এমন চরম পদক্ষেপ দেখা যাচ্ছে। তাই ঠিক কোথায় এবং কেন এই ধরনের ঘটনা ঘটছে, তা খতিয়ে দেখা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, অন্নপূর্ণা যোজনার টাকা সময়মতো না পাওয়া নিয়ে রাজ্যের বিভিন্ন অংশে উপভোক্তাদের মধ্যে অসন্তোষ ও প্রতিবাদের ছবি দেখা যাচ্ছে। শনিবারই ভবানীপুরে উপভোক্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এই প্রসঙ্গে বক্তব্য রাখেন বিজেপি নেতৃত্ব। জানানো হয়েছে, ইতিমধ্যেই বহু মহিলা এই প্রকল্পের সুবিধা পেয়েছেন এবং প্রকৃত ও যোগ্য প্রাপকরা নির্দিষ্ট পোর্টালে আবেদন করলে তাঁদের বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হবে। তবে মালদার এই অনভিপ্রেত মৃত্যুর ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে এখন প্রতিবাদের সুর আরও চড়েছে।