বহুজন এনসিপিআই-এর পোস্ট ঘিরে শোরগোল! দলবদলের জল্পনা উসকে দিলেন কাকলী-পুত্র বৈদ্যনাথ?

রাজ্যের রাজনৈতিক অঙ্গনে ফের এক নতুন উত্তেজনার পারদ চড়ল। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই রাজ্যের শাসক শিবিরের সঙ্গে দূরত্ব তৈরি করা প্রবীণ সাংসদ কাকলী ঘোষ দস্তিদারকে ঘিরে জল্পনা যেন থামছেই না। ইতিমধ্যে তাঁর কেন্দ্রীয় নিরাপত্তা বৃদ্ধি পাওয়া এবং বিভিন্ন রাজনৈতিক গতিপ্রকৃতি নিয়ে রাজ্য রাজনীতিতে নানা গুঞ্জন শোনা গিয়েছিল। এর মাঝেই তাঁর রাজনৈতিক কেরিয়ারের নতুন মোড়ের ইঙ্গিত দিয়েছিলেন তাঁরই ছেলে বৈদ্যনাথ ঘোষ দস্তিদার। তবে সম্প্রতি তাঁর একটি সোশ্যাল মিডিয়া পোস্ট গোটা রাজ্য রাজনীতিতে এক ঝটকাতেই নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
শনিবার সকালে সোশ্যাল মিডিয়ায় একটি বিস্ফোরক পোস্ট করেন বৈদ্যনাথ ঘোষ দস্তিদার। সেখানে দেখা যায়, এনসিপিআই (NCPI) দলের নামের ঠিক আগে জুড়ে দেওয়া হয়েছে ‘বহুজন’ শব্দটি। অর্থাৎ ‘বহুজন এনসিপিআই’ নামে নতুন একটি রাজনৈতিক প্ল্যাটফর্মে দলিত, মুসলিম, জনজাতি-উপজাতি ও ওবিসি সম্প্রদায়ের মানুষদের যোগদানের প্রকাশ্য আহ্বান জানানো হয়। শুধু তাই নয়, যোগাযোগ করার জন্য একটি নির্দিষ্ট ফোন নম্বরও দেওয়া হয়েছিল। ওই পোস্টে আরও ঘোষণা করা হয় যে, দলীয় সমস্ত সাংগঠনিক পদে দলিত, অতি অনগ্রসর শ্রেণি, মহাদলিত, মতুয়া ও নমঃশূদ্র সম্প্রদায়ের জন্য কমপক্ষে পঁচিশ শতাংশ প্রতিনিধিত্ব সুনিশ্চিত করা হবে। এই পোস্ট প্রকাশ্যে আসার পরেই রাজনৈতিক মহলে তীব্র চর্চা শুরু হয়। প্রশ্ন ওঠে, তবে কি এনসিপিআই দল কি এবার নতুন করে নিজেদের শাখা বিস্তার করছে? নাকি ‘বহুজন সমাজ পার্টি’-র আদলে এটি সম্পূর্ণ নতুন কোনো রাজনৈতিক দল, যার নেপথ্যে রয়েছেন কাকলী ঘোষ দস্তিদার নিজে?
এই ঘটনা প্রকাশ্যে আসতেই এনসিপিআই দলের অন্দরেও তীব্র ক্ষোভের সঞ্চার হয় বলে খবর। সূত্রের দাবি, এই পোস্টের জেরে শনিবার বিকেলে এনসিপিআই-এর সমস্ত সাংসদরা নিজেদের মধ্যে একটি জরুরি ভার্চুয়াল বৈঠক করেন। সেখানে প্রত্যেকেই এই ধরনের পোস্ট ও তার নেপথ্যের কারণ নিয়ে তীব্র আপত্তি জানান। এই তীব্র আপত্তির পরেই কাকলী-পুত্র বৈদ্যনাথ বহুজন সংক্রান্ত সমস্ত বিতর্কিত পোস্ট সোশ্যাল মিডিয়া থেকে ডিলিট বা মুছে ফেলেন।
উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের পর তৃণমূল কংগ্রেসের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে এনসিপিআই শিবিরে নাম লিখিয়েছিলেন কাকলী ঘোষ দস্তিদার। এমনকি এনসিপিআই এনডিএ-র শরিক হওয়ার পর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ব্রেকফাস্ট মিটিং থেকে শুরু করে বিভিন্ন গ্রুপ ফটোতে প্রথম সারিতে দেখা গিয়েছে তাঁকে। এই আবহেই ছেলের এই পোস্ট নতুন করে রাজনৈতিক মহলে আলোড়ন ফেলে। যদিও সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে কাকলী ঘোষ দস্তিদার সাফ জানিয়েছেন যে, পুরো বিষয়টি নিয়ে ভুল ব্যাখ্যা করা হচ্ছে। তাঁর স্পষ্ট দাবি, তাঁদের মূল দল এনসিপিআই-ই রয়েছে এবং এখানে ‘বহুজন’ শব্দের অর্থ হলো সমাজের সমস্ত পিছিয়ে থাকা অংশের মানুষদের একত্রিত করা। তবে এই সাফাইয়ের পরেও জল্পনা থামছে না।