নিয়মে বিরাট বদল আনতেই ভারতে এল প্রায় ৫০০০ কোটি টাকা! কোন বড় চালে বাজিমাত করল কেন্দ্র?

বিদেশি বিনিয়োগ সংক্রান্ত নিয়মকানুন আরও সহজ করতেই এবার বড় সাফল্য পেল ভারত। চীনা-সংশ্লিষ্ট সংস্থাগুলির জন্য প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা এফডিআই (FDI) বিধি শিথিল করার ফল হাতেনাতে মিলছে। নতুন নিয়ম চালুর পর থেকেই ভারতীয় বাজারে বড় অঙ্কের বিদেশি পুঁজি আসতে শুরু করেছে।
কেন্দ্রীয় সরকারের নতুন নীতি কার্যকর হওয়ার পর থেকে এখনও পর্যন্ত মোট ২৯টি এফডিআই প্রস্তাব এসেছে, যার মাধ্যমে প্রায় ৪,৮৯৫.৬৫ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে ভারতে। গত ১ মে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট (ফেমা)-এর নিয়ম সংশোধন করে এই ছাড় দিয়েছিল কেন্দ্র। নতুন নিয়ম অনুযায়ী, ১০ শতাংশ পর্যন্ত চীনা বা হংকং-ভিত্তিক শেয়ার থাকা বিদেশি সংস্থাগুলি এখন আলাদা কোনো সরকারি অনুমোদন ছাড়াই ‘অটোমেটিক রুট’-এর মাধ্যমে ভারতে বিনিয়োগ করতে পারছে। এর ফলে বিনিয়োগ প্রক্রিয়া যেমন দ্রুত হয়েছে, তেমনই বিদেশি কোম্পানিগুলির জন্য ভারতে ব্যবসা করা অনেক সহজ হয়ে উঠেছে।
সরকারি সূত্রে জানা গেছে, এই ২৯টি বিনিয়োগের মূল উৎস রয়েছে তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), উৎপাদন, ওষুধশিল্প, ডেটা সেন্টার এবং পরিবহন পরিষেবা সহ একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্র। মরিশাস, মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, জাপান, সিঙ্গাপুর এবং কেম্যান দ্বীপপুঞ্জের মতো দেশ ও অঞ্চলগুলি থেকে এই বিনিয়োগ আসছে। সরকারের আশা, এই পদক্ষেপে দেশের অর্থনীতি আরও মজবুত হবে এবং আগামী দিনে আরও বেশি বিদেশি বিনিয়োগ ভারতে আকৃষ্ট হবে।