টিপ-শাড়ি পরে রূপান্তরকামী সেজে ঘরে ঢুসল যুবক! বিমানসেবিকাকে ধর্ষণের জঘন্য ঘটনায় তোলপাড়

মুম্বইয়ের পোওয়াই এলাকায় এক মর্মান্তিক ও চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে। টিপ ও শাড়ি পরে রূপান্তরকামী সেজে একটি হাউজিং সোসাইটিতে ঢুকে এক বিমানসেবিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ঘটনার মাত্র চার ঘণ্টার মধ্যে অভিযুক্তকে পাকড়াও করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৯ আগস্ট পোওয়াই এলাকার ওই আবাসনে এক যুবক রূপান্তরকামীর বেশে দরজায় কড়া নাড়ে। ঘরে থাকা বিমানসেবিকার শাশুড়ি দরজা খুললে ওই যুবক দাবি করে যে, তাঁর পুত্রবধূর বিয়ের পাঁচ বছর কেটে গেলেও কোনো সন্তান হয়নি এবং সে এই সমস্যার সমাধান করতে পারে। এই আশ্বাসের ফাঁদে পা দিয়ে বৃদ্ধা ও তাঁর পুত্রবধূ অভিযুক্তকে শোওয়ার ঘরে যাওয়ার অনুমতি দেন।
এরপর বিশেষ আচার পালনের অজুহাতে ওই যুবক বিমানসেবিকাকে কিছু খাইয়ে অচেতন করে তোলে এবং তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় সে শাশুড়ির কাছ থেকে দু’হাজার টাকাও আদায় করে। নির্যাতিতার স্বামী বাড়ি ফিরে সব শোনার পর পোওয়াই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এবং অটোরিকশা চালককে জিজ্ঞাসাবাদ করে থানের কালওয়া এলাকা থেকে অনিল শিন্ডে নামের ৩০ বছরের ওই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে জানা গেছে, ধৃত ব্যক্তি প্রকৃত কোনো রূপান্তরকামী নয়, বরং প্রতারণার উদ্দেশ্যে সে এই ছদ্মবেশ ধারণ করেছিল।