শাহিদের সহ-অভিনেতা সোজা জেলে! শুটিং সেট থেকে ৫ লক্ষাধিক টাকার মাদক সহ হাতেনাতে গ্রেফতার অভিনেতা

গ্ল্যামার দুনিয়ার নেপথ্যে রমরমিয়ে চলছিল মাদকের রমরমা কারবার! সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন জনপ্রিয় অ্যাপের আড়ালে মাদক পাচারের অভিযোগে গ্রেফতার হলেন উদীয়মান অভিনেতা রোহুল্লাহ মেহদী। শাহিদ কাপুরের আসন্ন ‘দেবা’ ছবিতে অভিনয় করা এই অভিনেতার গ্রেফতারে মুহূর্তে শোরগোল পড়ে গেছে বলিউড মহলে। গোপন সূত্রে খবর পেয়ে মুম্বইয়ের মীরা রোড এলাকার কাশিমীরা থানার পুলিশ এই চাঞ্চল্যকর অভিযান চালায়।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রথমে কাসিফ নামের এক পাচারকারীকে ২৮ গ্রাম এমডি (MD) ড্রাগসহ হাতেনাতে ধরা হয়। যার বাজারমূল্য প্রায় ৫ লক্ষ ৬০ হাজার টাকা। এরপর ধৃতকে জেরা করতেই বেরিয়ে আসে মূল পাণ্ডার চাঞ্চল্যকর নাম। জানা যায়, এই পুরো মাদক চক্রের নেতৃত্ব দিচ্ছিলেন খোদ অভিনেতা রোহুল্লাহ মেহদী। তথ্য পাওয়ার পরেই মালাডের একটি স্টুডিওর বাইরে শুটিংরত অবস্থাতেই তাঁকে পাকড়াও করে পুলিশ। বর্তমানে পাঁচ দিনের পুলিশি হেফাজতে রয়েছেন তিনি। এই হাই-প্রোফাইল মাদক সিন্ডিকেটের সঙ্গে বলিউডের আর কোন কোন তারকার যোগ রয়েছে, এখন সেই রহস্য ভেদ করতেই মাঠে নেমেছে তদন্তকারীরা।